Uncategorized

আ.লীগের গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ের সামনে টানানো ব্যানার ছিঁড়ে আগুন

আগেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে টানানো একটি ‘উদ্বোধনী’ ব্যানার ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরের কুমারপাড়া এলাকায় ধ্বংসস্তূপের সামনে টাঙানো ব্যানারটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন বিএনপির নেতাকর্মীরা।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ জনতা। পরে গত বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের ঘটনার পর উত্তেজিত ছাত্র-জনতা পরিত্যক্ত ভবনটির অবশিষ্ট অংশও ধ্বংস করে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলে। সেই ধ্বংসস্তূপের সামনেই শুক্রবার রাতে কে বা কারা একটি উদ্বোধনী ব্যানার টানিয়ে যায়।

শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে উপস্থিত হন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঘটনাস্থলে নেতৃত্ব দেন বিএনপির মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু। উপস্থিত নেতাকর্মীরা ব্যানারটি নামিয়ে টেনে ছিঁড়ে ফেলেন এবং পরে সেটিতে আগুন ধরিয়ে দেন।

বিএনপির মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু বলেন, অস্তিত্বহীন একটি কার্যালয়ের সামনে উদ্বোধনী ব্যানার টানানো হয়েছে এ খবর পেয়ে তারা সেখানে যান। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে কারা ব্যানারটি লাগিয়েছে তা শনাক্তের চেষ্টা করা হয়। কয়েকজনকে ব্যানার নিয়ে এলাকা ত্যাগ করতে দেখা গেলেও তাদের চেহারা স্পষ্ট বোঝা যায়নি। পরে উপস্থিত নেতাকর্মীরা ব্যানারটি অপসারণ করে আগুনে পুড়িয়ে দেন।

নগরীর বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ব্যানারটি টানিয়ে রেখে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে সেটি পুড়িয়ে ফেলার ঘটনাও তারা জেনেছেন। তবে কারা ব্যানার লাগিয়েছে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button