থালাপতি বিজয়ের ২৭ বছরের সংসারে ভাঙন, নেপথ্যে রাজনীতি নাকি প্রেম?

দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের ২৭ বছরের সংসারে চিড় ধরেছে। তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গাম বিয়েবিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন। তামিল-তেলুগু অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার অভিযোগ তুলেছেন তিনি।
আগামী ২০ এপ্রিল আদালতে বিচ্ছেদ মামলার শুনানি হবে। নায়ককে ঘিরে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা স্তম্ভিত। তাদের বিশ্বাস, সম্পর্কে প্রতারণা করতেই পারেন না বিজয়।
অভিনেতা পরিচয়ের গণ্ডি পেরিয়ে সম্প্রতি রাজনীতিতে পা রেখেছেন থালাপতি বিজয়। অভিনয় ছেড়ে রাজনীতিবিদ হিসেবে বাকি জীবন কাটাতে ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ (টিভিকে) নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন তিনি। তামিলনাড়ুতে আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন ৫১ বছর বয়সী এই তারকা।
বিজয়-ভক্তরা মনে করছেন, সংগীতার বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নেয়ার নেপথ্যে রাজনৈতিক কারণ থাকতে পারে। অনেকের ধারণা, নিশ্চয়ই সংগীতার কোনও বিশেষ উদ্দেশ্য আছে।
শ্রীলঙ্কার তামিল শিল্পপতির মেয়ে সংগীতা স্বর্ণালিঙ্গামের জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। থালাপতি বিজয়ের ভক্ত ছিলেন তিনি। তাকে ১৯৯৯ সালে ভালোবেসে বিয়ে করেন নায়ক। তিনি খ্রিস্টান, সংগীতা হিন্দু। তাদের বিয়ে হয় হিন্দু রীতি মেনে। দাম্পত্য জীবনে ২৭ বছর কাটিয়েছেন এই দম্পতি। তাদের সংসারে আছে এক ছেলে (জেসন সঞ্জয়) ও এক মেয়ে (দিব্যা সাশা)।
এদিকে থালাপতি বিজয় অভিনীত শেষ চলচ্চিত্র ‘জননায়াগান’-এর মুক্তি আটকে আছে সেন্সর জটিলতায়। এক্ষেত্রেও রাজনৈতিক কারণ আছে বলে দাবি সংশ্লিষ্টদের।



