Uncategorized

যেভাবে বলিউডে নাম লেখালেন আরিফিন শুভ

বাংলাদেশের তারকা আরিফিন শুভ ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র মাধ্যমে বলিউড যাত্রা শুরু করেছেন। কিন্তু এতে তিনি যুক্ত হলেন কীভাবে? শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার একটি পাঁচতারকা হোটেলে সিরিজের আনুষ্ঠানিক প্রচারণায় সেই গল্পই শোনালেন নায়ক। তিনি জানান, বলিউডের প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া প্রথম যোগাযোগ করেছিলেন। সেই মুহূর্ত থেকে প্রায় তিন বছর অপেক্ষার পর তার কাছে আসে চূড়ান্ত ডাক।

‘জ্যাজ সিটি’র প্রেস মিট মঞ্চে উঠে সিরিজটির পরিচালক সৌমিক সেনের সঙ্গে রসিকতায় মেতে ওঠেন আরিফিন শুভ। পরিচালক নাকি গত তিন বছরে এদিনই প্রথম তার প্রশংসা করেছেন! নায়কের এই বক্তব্যে হাসির রোল পড়ে।

আরিফিন শুভ ‘জ্যাজ সিটি’তে যুক্ত হওয়ার গল্প শুনিয়েছেন এভাবে, ‘এ কাজের জন্য সৌমিকদা নন, আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। তখন আমি নেপালে ছিলাম। তিনি আমাকে বলেন, একটি ওয়েব সিরিজের জন্য অডিশন দিতে হবে। আমি রাজি হয়ে যাই। তারপর সৌমিকদা অডিও পাঠানোসহ বিভিন্নভাবে আমার অডিশন নিয়েছেন।’

সৌরসেনী মৈত্র ও আরিফিন শুভ (ছবি: শুভর ফেসবুক পেজ থেকে নেয়া)

ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘জ্যাজ সিটি’র অডিশন নিয়ে কথা বলেছেন শুভ। তার ভাষ্য, “দুই বছর ধরে চিত্রনাট্য পাঠানো হতো। মুম্বাইয়ে ডেকেছিল, গিয়েছিলাম। তারপরও কিছু বলে না। ওই দু’বছরে একই চরিত্রের জন্য আরও অনেকের অডিশন নিয়েছেন তারা। একটা দৃশ্য অন্যকে দিয়ে করানোর পর সেই দৃশ্যই হয়তো আমাকেও পাঠানো হয়েছে। আমি টেপ করে পাঠিয়েছি। হয়তো ভালো লেগেছে। হয়তো ভালো লাগেনি। এভাবে ‘ট্রায়াল অ্যান্ড এরর’-এর মধ্য দিয়েই সম্ভবত আমায় নির্বাচন করা হয়েছে।”

‘জ্যাজ সিটি’তে শুভ’র নায়িকা পশ্চিমবঙ্গের অভিনেত্রী সৌরসেনী মৈত্র। শুক্রবারের প্রেস মিটে দুই বাংলার দুই তারকা একসঙ্গে ছবি তুলেছেন, আড্ডা দিয়েছেন। 

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে আগামী ১৯ মার্চ বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে ‘জ্যাজ সিটি’। এতে জিমি রয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। সিরিজের ২ মিনিট ৩৬ সেকেন্ডের ট্রেলারে সুদর্শন তরুণ হিসেবে তার কয়েক ঝলক উপস্থিতিতে বোঝা যায়, তিনিই গল্পের কেন্দ্রবিন্দু। তাকে ঘিরেই আবর্তিত হয়েছে পুরো সিরিজ। ট্রেলারে নেপথ্য কণ্ঠে একজন জিমি রয় চরিত্রের বর্ণনা দিয়েছেন এভাবে, ‘জিমি দাবার ঘোড়ার মতো চলে। কখন আড়াই মেরে বেরিয়ে যাবে জানতেও পারবেন না!’ রেট্রো ধাঁচের চুলের সঙ্গে শুভ’র লুকে তেমন বুদ্ধিদীপ্ত চলন-বলন ও অভিব্যক্তি ফুটে উঠেছে। তাকে স্যুট পরে নাচতে দেখা গেছে একাধিক দৃশ্যে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কলকাতা শহরের বুকে গড়ে ওঠা একটি জ্যাজ ক্লাবের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি। সংগীতের পটভূমিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা বলা হয়েছে এতে। সত্তর দশকের আবহে গল্পে সেই সময়ের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট উঠে আসবে বলে আভাস রয়েছে ট্রেলারে। কয়েকটি দৃশ্যে নেপথ্য কণ্ঠে বলতে শোনা যায়, ‘যেখানে জ্যাজের সুরের মাঝে বেজে ওঠে চির বিপ্লবের ডাক, যা বদলে দিয়েছিলো ইতিহাস, ভূগোল ও একটি জাতির ভবিষ্যৎ।’

‘জ্যাজ সিটি’ পরিচালনা করেছেন সৌমিক সেন। তিনি নেটফ্লিক্সের প্রশংসিত ওয়েব সিরিজ ‘জুবিলি’র অন্যতম গল্পকার ও চিত্রনাট্যকার। তার পরিচালিত প্রথম সিনেমা ‘গুলাব গ্যাং’-এ মাধুরী দীক্ষিত ও এরপর ‘হোয়াইট চিট ইন্ডিয়া’ সিনেমায় অভিনয় করেন ইমরান হাশমি।

এদিকে গত ১১ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত ‘নূর’। রায়হান রাফীর পরিচালনায় এই চলচ্চিত্রে নায়িকা ছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

বড় পর্দায় সর্বশেষ গত ঈদুল আজহায় ‘নীলচক্র’র মাধ্যমে দর্শকদের সামনে আসেন আরিফিন শুভ। তার অভিনীত ‘ঠিকানা বাংলাদেশ’ ও ‘মালিক’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button