লেবানন প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

লেবানন ও পার্শ্ববর্তী দেশসমূহে উদ্ভূত আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সে দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তাজনিত সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস, বৈরুত। প্রবাসীদের জীবন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১১ দফা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনাগুলো নিচে তুলে ধরা হলো—
ক) লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চল (বেক্কা ভ্যালী) এবং রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল (দাহিয়ে) ও এর নিকটবর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ বিশেষ সতর্কতা বজায় রেখে চলাফেরা করুন;
খ) বিশেষ প্রয়োজন ব্যতিরেকে রাতে বাইরে চলাফেরা পরিহার করুন;
গ) লেবানন সরকারের স্থানীয় কর্তৃপক্ষ প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন;
ঘ) জরুরি প্রয়োজন ব্যতিরেকে সভা, সমাবেশ, জমায়েত ইত্যাদি পরিহার করে চলুন;
ঙ) কোনও এলাকা সংঘর্ষে আক্রান্ত হলে উক্ত এলাকা পরিহার করে চলাফেরা করুন;
চ) সব সময় মূল পাসপোর্ট/ইকামা/বিএমইটি কার্ড/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ অথবা ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সাথে রাখুন;
ছ) স্ব-স্ব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, অর্থ ও মালামাল নিরাপদ স্থানে সংরক্ষণ করুন;
জ) কেউ আক্রান্ত হলে দ্রুততম সময়ে দূতাবাসকে অবহিত করুন;
ঝ) প্রতিবেশী প্রবাসী বাংলাদেশিদের সহিত নিয়মিত যোগাযোগ রক্ষা করুন;
ঞ) নিয়মিত ঔষধ সেবনকারীগণ জরুরি পরিস্থিতি বিবেচনায় পর্যাপ্ত ওষুধ সংরক্ষণ করুন।
ট) আতঙ্ক নয়, সতর্কতা অবলম্বন করুন।
জরুরি যোগাযোগ নম্বর
যেকোনও জরুরি প্রয়োজনে প্রবাসীদের দূতাবাসের নিম্নলিখিত নম্বরগুলোতে (হোয়াটসঅ্যাপ) যোগাযোগ করতে বলা হয়েছে—
ফ্রন্টডেস্ক: ৭১২১৭১৩৯
হেল্প লাইন: ৮১৭৪৪২০৭
হট-লাইন: ৭০৬৩৫২৭৮
দূতাবাস জানিয়েছে, স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করে প্রবাসীরা যেন সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকেন।



