ঈদুল ফিতরে সারা দেশে ‘বনলতা এক্সপ্রেস’, আন্তর্জাতিকভাবে ৩ এপ্রিল মুক্তি

নীল-হলুদ আভা নিয়ে ছুটে চলছে একটি ট্রেন। ওপরে দুই পাশে একদল প্রতিভাবান অভিনয়শিল্পীর মুখাবয়ব। এটি তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের অফিসিয়াল পোস্টার। এতে ফুটে উঠেছে নস্টালজিক স্টেশনের আবহ। পোস্টারের মাঝে লেখা, ‘১০০% খাঁটি বাংলাদেশি ছায়াছবি।’
ছবিটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম (রশিদ উদ্দিন), চঞ্চল চৌধুরী (মিস্টার এ.কে.কে), শরিফুল রাজ (ডা. আশহাব), সাবিলা নূর (চিত্রা), জাকিয়া বারী মম (আফিয়া), আজমেরী হক বাঁধন (সুরমা), শ্যামল মাওলা (আজিজ), শামীমা নাজনীন (সাজেদা)। তাদের চরিত্রের লুক রয়েছে পোস্টারে। ছবিটিতে বড় চাচার ভূমিকায় থাকছেন ইন্তেখাব দিনার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হইচই বাংলাদেশের সকল ডিজিটাল প্ল্যাটফর্মসহ নির্মাতা ও অভিনয়শিল্পীদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি উন্মোচিত হয়। জানা গেছে, ধীরে ধীরে মুক্তি দেয়া হবে টিজার, ট্রেলারসহ গানগুলো।
নন্দিত কথাসাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ আসন্ন পবিত্র ঈদুল ফিতরে রাজধানী ঢাকাসহ সারা দেশের বড় পর্দায় মুক্তি পাবে। এরপর আন্তর্জাতিকভাবে ৩ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
ছবিটির গল্পে দেখা যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী চিত্রা অসুস্থ মামাকে দেখতে ট্রেনে দিনাজপুর রওনা দেয়। একই ট্রেনে মাকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছে তরুণ চিকিৎসক আশহাব। তাদের ঘিরেই এগিয়ে যায় কাহিনি।
নিজের নতুন চলচ্চিত্র প্রসঙ্গে পরিচালক তানিম নূর বলেন, “ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে, ‘বনলতা এক্সপ্রেস’ তেমনই আমাদের হৃদয়ের গল্পগুলোকে এক বিন্দুতে মেলাবে। ট্রেনের প্রতিটি বগির ভেতর জড়িয়ে থাকা হাজারো মানুষের হাসি-কান্না ও সম্পর্কের চিরচেনা মায়াই হলো এই ছবির প্রাণ। আমরা পুরো বাংলাদেশকে একটি ট্রেনের যাত্রায় এবং অভিন্ন অনুভূতিতে গেঁথে ফেলতে চেয়েছি।”
‘বনলতা এক্সপ্রেস’ প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ। সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস। ছবিটি নির্মাণে সার্বিক সহযোগিতা করছে ডোপ।
তানিম নূর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ফিরে এসো বেহুলা’ (জয়া আহসান) মুক্তি পায় ২০১১ সালে। এর সাত বছর পর মুক্তিপ্রাপ্ত সংকলিত চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’র ১১ পরিচালকের একজন ছিলেন তিনি। গত বছরের ঈদুল আজহায় তার পরিচালিত ‘উৎসব’ অভাবনীয় সাড়া পেয়েছে। ১৮৪৩ সালে প্রকাশিত ব্রিটিশ কথাসাহিত্যিক চার্লস ডিকেন্সের কালজয়ী উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নব্বই দশকের ঢাকার মোহাম্মদপুরের গল্প নিয়ে তারকাবহুল ছবিটি সবশ্রেণির দর্শকদের মন ছুঁয়েছে। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, দিব্য জ্যোতি, সাদিয়া আয়মান, সুনেরাহ বিনতে কামাল, তারিক আনাম খান।



