Uncategorized

ঈদে থাকছে বিদেশিদের নাচ-গান-অভিনয়

প্রায় তিন দশক ধরে বিদেশি নাগরিকদের নিয়ে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে ‘ইত্যাদি’তে তুলে ধরছেন উপস্থাপক-নির্মাতা হানিফ সংকেত।

বিদেশিদের নিয়ে, বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্র উপস্থাপনের মাধ্যমে তুলে ধরা হয় বাংলা লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসঙ্গতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা ইত্যাদি। চমৎকার একটি শিক্ষামূলক বক্তব্যের মাধ্যমে শেষ হয় এই বিশেষ পর্বের। অনেকেই ভাবেন এতগুলো বিদেশি নিয়ে কিভাবে এই নাচ-গান-অভিনয় সম্ভব! এই অসম্ভব ও অসাধারণ কাজটি একমাত্র হানিফ সংকেতই সম্ভব করেছেন।

ঢাকায় বসবাসরত অনেক বিদেশির কাছেই হানিফ সংকেত ও ‘ইত্যাদি’ দু’টি প্রিয় নাম। এ দেশে না থাকলেও বিদেশিরা তাদের বন্ধু-বান্ধব ও নতুন সহকর্মীদের ‘ইত্যাদি’র এই পর্বটির ব্যাপারে উৎসাহিত করেন। তারা মনে করেন এটি তাদের জীবনে একটি নতুন অভিজ্ঞতা, অন্যরকম আনন্দ। যা মানুষকে সচেতন করতে ভূমিকা রাখে। তাই তারা উৎসাহের সঙ্গে এই পর্বটির জন্য অপেক্ষা করেন। 

সেই ধারাবাহিকতায়, এবারের ঈদ ‘ইত্যাদি’ পর্বে অংশগ্রহণ করেছেন জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, স্পেন, রোমানিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অর্ধশতাধিক নাগরিক। যারা এ দেশে বিভিন্ন দূতাবাস ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

খবরটি নিশ্চিত করেছে নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। বিদেশিদের একটি পরিবেশনা এবারের আসরে বিদেশিদের মাধ্যমে তুলে ধরা হবে সুবিধাবাদী দ্বিমুখী স্বভাবের মানুষদের বিশেষ নাটিকা। পাশাপাশি বরাবরের মতোই থাকছে একটি বিষয় ভিত্তিক গানের সঙ্গে নৃত্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, সংগীত পরিচালনা করেছেন মেহেদী। নৃত্য পরিচালনা করেছেন মামুন।

বিদেশিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে  হানিফ সংকেত বলেন, ‘ওরা অপেশাদার তবে অনেক পেশাদার শিল্পীরও ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কয়েকটি শব্দের একটি বাংলা বাক্যকে আয়ত্তে আনতে তারা যে পরিমাণ মহড়া দেয় তা অকল্পনীয়। বিশেষ করে বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশিদের সাথে যে আত্মিক বন্ধন তৈরি হয় তা কখনোই ভোলার নয়। আশাকরি প্রতিবারের মতো এবারও এই পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে।’

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button