খামেনির মৃত্যুতে ঢাকায় শিয়া সম্প্রদায়ের বিক্ষোভ ও শোক মিছিল

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং একে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে পুরান ঢাকার শিয়া সম্প্রদায় ও স্থানীয় বাসিন্দারা।
রবিবার (১ মার্চ) সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে রাজধানীর হোসেনি দালান ইমামবাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এসময় তাদের কণ্ঠে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর,’ ‘নারায়ে রিসালাহ, ইয়া রাসুলুল্লাহ,’ ‘আমেরিকার কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ইসরায়েল-বিরোধী বিভিন্ন প্রতিবাদী স্লোগান শোনা যায়।
রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে হোসেনি দালান ইমামবাড়ার বর্তমান মাওলানা সাইয়্যেদ রেজা হোসেন হোসাইনি বলেন, “আমাদের মহান নেতা হজরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসাইনি খামেনিকে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে শহীদ করেছে। আমরা এই বর্বরোচিত ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।”
তিনি জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “আমরা জাতিসংঘের কাছে জানতে চাই, কেন তাকে হত্যা করা হয়েছে? ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে এবং হকের পক্ষে কথা বলাই কি তার অপরাধ ছিল? এই জঘন্য হত্যাকাণ্ডের উত্তর জাতিসংঘকে অবশ্যই দিতে হবে।”
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমেরিকা ও ইসরায়েলের এই জঘন্য অপরাধের বিচার একদিন হবেই।



