Uncategorized

সংরক্ষিত নারী আসন নিয়ে দলগুলোর প্রতি খোলা চিঠি

সংরক্ষিত নারী আসনে স্বচ্ছ মনোনয়ন, যোগ্যতাভিত্তিক মানদণ্ড এবং নারী নেতৃত্বের বাস্তব ক্ষমতায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছে ‘নারীর রাজনৈতিক অধিকার ফোরাম’।

এ লক্ষ্যে দলগুলোর কাছে লিখিত নীতিমালা প্রণয়ন ও প্রকাশ, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরাসরি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি দলীয় প্রধানদের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে এসব দাবির কথা তোলে।

চিঠিতে বলা হয়, সংরক্ষিত নারী আসন নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হলেও মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচন নিশ্চিত না হলে তা কেবল “সংখ্যা”-তে সীমাবদ্ধ থাকে, “ক্ষমতা”-তে নয়।

ফোরামের পক্ষ থেকে বলা হয়, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি সাধারণ আসনেও উল্লেখযোগ্য হারে নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। মনোনয়ন প্রক্রিয়ায় লিখিত মানদণ্ড, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, রাজনৈতিক দলে নারী নেত্রীদের জন্য সিদ্ধান্ত গ্রহণের জায়গা, সাংগঠনিক পদ এবং সংসদের স্ট্যান্ডিং কমিটিতে নেতৃত্ব নিশ্চিত করতে হবে। নির্বাচনি পরিবেশে নারী প্রার্থীদের নিরাপত্তা, সমান সুযোগ ও অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি নারী রাজনীতিকদের বিরুদ্ধে অনলাইন-অফলাইন হয়রানি ও সহিংসতা রোধে কার্যকর নীতিমালা প্রণয়ন ও অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার দাবি জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট সুপারিশ তুলে ধরেছে প্ল্যাটফর্মটি। এর মধ্যে রয়েছে—মনোনয়ন প্রক্রিয়ার লিখিত নীতিমালা প্রকাশ, চূড়ান্ত প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যৌক্তিক ব্যাখ্যা জনসমক্ষে তুলে ধরা এবং যোগ্যতাভিত্তিক মানদণ্ড অনুসরণ।

যোগ্যতার মানদণ্ড হিসেবে রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা, জনআস্থা ও নৈতিক অবস্থান এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটিতে নারীদের অর্থবহ সদস্যপদ নিশ্চিত করা, কমিটির সভাপতি বা উপ-সভাপতির দায়িত্বে নারীদের সুযোগ দেওয়া এবং সংসদে প্রশ্নোত্তর, বিল পর্যালোচনা ও বাজেট আলোচনায় নারী এমপিদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সংসদ সদস্যদের জন্য সংসদীয় কার্যপ্রণালি, বিল বিশ্লেষণ, বাজেট ও কমিটি-ওয়ার্ক বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ এবং ডিজিটাল নিরাপত্তা ও হয়রানি মোকাবিলায় দলীয় প্রোটোকল চালুর আহ্বানও জানানো হয়েছে।

চিঠিতে রাজনৈতিক দলগুলোর কাছে উত্থাপিত সুপারিশগুলোর বিষয়ে লিখিত বা প্রকাশ্য অবস্থান জানানোর অনুরোধ জানিয়েছে ‘নারীর রাজনৈতিক অধিকার ফোরাম’।

বিভিন্ন নারী সংগঠন, নাগরিক সংগঠন ও মানবাধিকার কর্মীদের পক্ষে চিঠিতে সই করেছে কুষ্টিয়া নারী সমাজ, গণসাক্ষরতা অভিযান, দুর্বার নেটওয়ার্ক ফাউন্ডেশন, নাগরিক কোয়ালিশন, নারী উদ্যোগ কেন্দ্র (নউক), নারী সংহতি, নারীপক্ষ, নারীর ডাকে রাজনীতি, ফেমিনিস্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ (ফ্যাব), বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও ভয়েস ফর রিফর্মসহ একাধিক সংগঠন।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button