ইফতার থেকে সেহেরি আলোকিতে জমছে মুনলাইট ফেস্টিভ্যাল ২.০!

পড়ন্ত বিকালের সোনালি আভা যখন ধীরে ধীরে রমজানের স্নিগ্ধ সন্ধ্যায় বিলীন হয়, তখনই শহরের আকাশে জেগে ওঠে উৎসবের এক মৃদু আহ্বান। সেই আহ্বানকে বাস্তবে রূপ দিতে আবারও ফিরে আসছে এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের বহুল প্রতীক্ষিত আয়োজন—মুনলাইট ফেস্টিভ্যাল ২.০। প্রথম আসরের উচ্ছ্বাস ও সাফল্যকে পেছনে ফেলে, এবারের আয়োজন প্রস্তুত আরও বিস্তৃত পরিসর ও সমৃদ্ধ বৈচিত্র্যে। ২ মার্চ হতে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত ঢাকার প্রাণকেন্দ্র আলোকি রূপ নেবে বাহারি রকমের খাবারের সমারোহ, আড্ডা ও আনন্দে ভরা এক প্রাণবন্ত উৎসবমঞ্চে।
এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের আয়োজনে এ উৎসব রূপ নেবে স্বাদের এক বর্ণিল মিলনমেলায়, যেখানে এক ছাতার নিচে উন্মোচিত হবে বৈচিত্র্যের অপার সমারোহ। ঐতিহ্যবাহী ভাজাপোড়ার চেনা ঘ্রাণ থেকে প্রাণচঞ্চল স্ট্রিট ফুডের টান—৫০টিরও বেশি ফুড স্টল সাজানো থাকবে অসংখ্য লোভনীয় পদে, এছাড়াও অংশ নিচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ওয়াফেল আপ, ফ্রুশ ও চা টাইম টক, ঝাল, মিষ্টি, হালকা কিংবা ভারি —ইফতার থেকে সেহেরি পর্যন্ত থাকছে স্বাদের বৈচিত্র্যময় আয়োজন।
তবে এ আয়োজন শুধু খাবারেই সীমাবদ্ধ নয়—এ যেন আনন্দের এক পূর্ণাঙ্গ উৎসব। এখানে থাকছে সেলিব্রিটিদের আনাগোনা ও শিল্পীদের হৃদয়ছোঁয়া সঙ্গীত পরিবেশনা, দৃষ্টিনন্দন লাইভ ফায়ার শো ও স্ট্রিট পারফরম্যান্স, পরিবার নিয়ে উপভোগের জন্য ফ্যামিলি প্লে জোন পাশাপাশি থাকছে ইমার্সিভ ব্র্যান্ড এক্সপেরিয়েন্স, আকর্ষণীয় ফটো জোন এবং রোমাঞ্চকর গেমিং জোন।
এ আয়োজনকে সফল পরিণতি দিতে স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠান। আশিয়ান সিটি ও বেভারেজ স্পন্সর পারটেক্স স্টার গ্রুপের পাশাপাশি পেমেন্ট স্পন্সর বিকাশ, এবং স্পোর্টস স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বাফুফে। মিষ্টিমুখে শীতল প্রশান্তি যোগ করবে পোলার আইসক্রিম, আর হেলথ স্পন্সর হিসেবে থাকছে ইউনিভার্সাল হেলথ কেয়ার। অতিথিদের জন্য বিশেষ উপহার সহযোগিতায় রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড এবং সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা—সম্মিলিত এই সহযোগিতাই আয়োজনটিকে দিচ্ছে এক পরিপূর্ণ ও আভিজাত্যপূর্ণ পরিসর।
আয়োজকদের প্রত্যাশা চাঁদের মোলায়েম আলোয় সেজে উঠা এই আয়োজনই হয়ে উঠবে মৌসুমের সবচেয়ে প্রতীক্ষিত ফুড ফেস্টিভ্যাল। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে উৎসবটি ঘিরে ছড়িয়ে পড়েছে উৎসুক অপেক্ষা ও প্রাণবন্ত উচ্ছ্বাস। সুস্বাদু খাবার, উষ্ণ আড্ডা আর আপনজনদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে— মুনলাইট ফেস্টিভ্যাল ২.০ সবার জন্য উন্মুক্ত।



