ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ

সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদকে এক বছরের জন্য চুক্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী মুন্সী আলাউদ্দিন আল আজাদকে অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ধর্ম সচিব মো. কামাল উদ্দিনকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল। নবনিযুক্ত সচিব আলাউদ্দিন আল আজাদ এর আগে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর গঠিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে গঠিত সাত সদস্যের স্বাধীন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



