পুকুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সমর্থকদের সংঘর্ষ, নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাস পুকুরে মাছ ধরা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহতরা হলেন- উপজেলার ঘোয়ালপাড়ার মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) এবং একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা সরকারি খাস পুকুরের লিজ নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সমর্থক আছমত আলী (৫০) ও ধামাইনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের (৪৮) মধ্যে বিরোধ চলে আসছিল। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আছমত আলী গোয়ালপাড়া মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটির লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে ওই পুকুরে মাছ ধরতে গেলে আছমত আলীর পক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে দুই পক্ষ ধারালো অস্ত্র, হাঁসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে একে-অপরের ওপর হামলা চালায়। এতে আছমত আলীর পক্ষের চার জন এবং আবু বক্কর সিদ্দিকের পক্ষের সাত জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর সিদ্দিকের পক্ষের ইসমাইল (৭০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুর ২টার দিকে মারা যান। তার কিছুক্ষণ পর আব্দুস সালাম (৬০) নামের একজন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, এখনও কাউকে আটক করা হয়নি। নিহতদের লাশ হাসপাতালের মর্গে আছে।
এ ব্যাপারে জানতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও আওয়ামী লীগের সমর্থক আছমত আলীর মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।



