চট্টগ্রামে মধ্যপ্রাচ্যগামী আরও ৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধাবস্থার পরিপ্রেক্ষিতে দুবাই, আবুধাবি ও শারজাহসহ বিভিন্ন এয়ারফিল্ড এবং ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও আগত একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সোমবার (২ মার্চ) মধ্যপ্রাচ্যগামী ও আগমনী পাঁচটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে এ পর্যন্ত ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সোমবার দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সোমবার বাতিল করা পাঁচ ফ্লাইট হলো– মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস বাংলা এয়ারলাইনসের একটি, একটি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।’
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে আজ সোমবার পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বমোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।



