মধ্যপ্রাচ্য ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা পাল্টা হামলা নিয়ে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, বৈশ্বিক রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব দেখা যাচ্ছে।
সোমবার (২ মার্চ) বিকালে রাজধানীর ধানমন্ডিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী অধ্যাপক ড. শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “বিনা কারণে একটি স্বাধীন দেশের রাষ্ট্র প্রধানকে হত্যা করা হয়েছে। বিভিন্ন দেশে হামলা ও সংঘাত ছড়িয়ে পড়ার ঘটনা ভয়াবহ বার্তা।”
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, “ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এ কারণে শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় রয়েছে। এসব সংকট কাটিয়ে এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই নতুন সরকারের চ্যালেঞ্জ।”
ড. শাহিদা রফিকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি নারীর অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে।”



