Uncategorized

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে জামিন মেলেনি আ.লীগ নেতা হুমায়ুনের

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তার স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় তিনি জামিন না দেওয়ার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী সুব্রত কুমার বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এর একটি প্রতিবেদন দেখতে চেয়েছিলেন ট্রাইব্যুনাল। এছাড়া বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের একটি প্রতিবেদন আনতে বলা হয়েছে। কিন্তু এসবে আমাদের ওপর কোনও নির্দেশনা ছিল না।

এ সময় ট্রাইব্যুনাল বলেন, আমরা যে প্রতিবেদন (মেডিক্যাল) চেয়েছি সেটা আসেনি। তখন চিফ প্রসিকিউটর বলেন, আসামির চিকিৎসা চলছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। এটাই তার জন্য যথেষ্ট। এছাড়া তার অন্য তিনটি মামলা রয়েছে। এ জন্য আমরা আরও এক মাস সময় চাই।

পরে স্বাস্থ্য পরীক্ষা করে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধানের কাছ থেকে একটি প্রতিবেদন আনতে বলেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগের একটি প্রতিবেদন চাওয়া হয়। আর এসব প্রতিবেদন আগামী ৩০ মার্চ জমা দিতে বলেন আদালত। পরবর্তী শুনানির জন্যও একই দিন নির্ধারণ করা হয়।

এদিকে আগে একবার জামিন পেলেও মুক্তি মেলেনি হুমায়ুন কবির পাটোয়ারীর। এ জন্য ২৪ ফেব্রুয়ারি ফের জামিন আবেদন করেন তার আইনজীবী। এরই ধারাবাহিকতায় শুনানির জন্য মামলাটি আজ শুনানিতে উঠে।

জামিন আবেদনে লিভার সিরোসিসে আক্রান্ত বলে উল্লেখ করেন হুমায়ুনের আইনজীবী সুব্রত কুমার। এ রোগে তার মক্কেলের (আসামি) দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলেও ট্রাইব্যুনালকে জানানো হয়।

হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি একই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাযজ্ঞের দায়ে অন্য মামলায় প্রথমে ২০২৪ সালের আগস্টে গ্রেফতার হন তিনি। এরপর মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল। বর্তমানে মামলাটি তদন্তাধীন।

এ মামলায় অপর আসামিরা হলেন– লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। তাদেরও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button