ইরানের সঙ্গে চলমান সংঘাতে ৩ মার্কিন সেনা নিহত: সেন্টকম

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এই প্রথমবারের মতো মার্কিন সেনার প্রাণহানির খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক ঘোষণায় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে ৩ জন মার্কিন সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, চলমান এই যুদ্ধে এটিই প্রথম মার্কিন সেনার মৃত্যুর ঘটনা। তবে কোন পরিস্থিতিতে বা কোথায় এই সেনারা হতাহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য এখনও দেওয়া হয়নি। গত এক দিনে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
গুরুতর আহত ৫ জন ছাড়াও আরও বেশ কয়েকজন সেনা সদস্য ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার এবং বিস্ফোরণের তীব্রতায় সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে প্রাথমিক চিকিৎসা শেষে সামান্য আহতদের অনেকেই আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।
সেন্টকম তাদের বিবৃতিতে আরও বলেছে, বর্তমানে বড় ধরনের যুদ্ধ অভিযান চলমান রয়েছে এবং আমাদের পাল্টা জবাব দেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।



