Uncategorized

রাজনীতি: জনরায়ের প্রতিফলন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধ এমন এক অবিসংবাদিত ও চিরস্থায়ী সত্য— যার ভিত্তিতেই রাষ্ট্রের আত্মপরিচয়, সংবিধানিক চেতনা এবং জাতীয় অস্তিত্বের কাঠামো নির্মিত হয়েছে। এই যুদ্ধ শুধু একটি সামরিক সংঘাত ছিল না, এটি ছিল একটি পরাধীন জাতির আত্মমর্যাদা পুনরুদ্ধারের অগ্নিপরীক্ষা, ভাষা ও সংস্কৃতির সুরক্ষার অঙ্গীকার, এবং স্বাধীন সত্তার প্রতিষ্ঠার এক অনন্য ইতিহাস। তাই মুক্তিযুদ্ধকে ঘিরে রাজনৈতিক বক্তব্য, মূল্যায়ন ও অবস্থান সবসময়ই জনমতের কেন্দ্রে অবস্থান করেছে।

তবে বিভিন্ন সময়ে এই মূল্যায়নের বিষয়টি এমনভাবে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে যে, তা জাতীয় ঐক্যের ভিত মজবুত করার পরিবর্তে কখনও কখনও বিভাজনের উপাদানে রূপ নিয়েছে। সাম্প্রতিক অতীতের এক পর্যায়ে মুক্তিযুদ্ধকে যথাযথ মর্যাদা দেওয়ার দাবির আড়ালে অতিরঞ্জন, বিরোধীদের রাজনৈতিকভাবে চাপে রাখা এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করার প্রচেষ্টার অভিযোগ উত্থাপিত হয়। এর ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণ তীব্র হয় এবং পরিণতিতে সরকার পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটে।

এই প্রেক্ষাপটে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ধারণ করা কি কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ? নাকি এর প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে বৃহত্তর জাতীয় স্বার্থে বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারে? মুক্তিযুদ্ধের আদর্শ যদি স্বাধীনতা, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিকশিত হয়ে থাকে, তবে সেই চেতনাকে কোনও একক দল বা গোষ্ঠীর একচ্ছত্র সম্পত্তি হিসেবে দেখার সুযোগ কতটুকু? এই প্রশ্নগুলোই আজও বাংলাদেশের রাজনৈতিক পরিসরে প্রাসঙ্গিক এবং আলোচনার কেন্দ্রে অবস্থান করছে।

২০০৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অঙ্গন এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়। মুক্তিযুদ্ধকে ঘিরে জামায়াতে ইসলামী ও সমমনা আদর্শের রাজনৈতিক মহল থেকে যে বক্তব্য, পাল্টা বক্তব্য এবং তর্ক-বিতর্কের সূত্রপাত হয়, তা কেবল ইতিহাসের ব্যাখ্যা নিয়ে সীমাবদ্ধ থাকেনি, বরং তা সমসাময়িক রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। জামায়াতে ইসলামী ও তাদের মতাদর্শিক সহযোগীদের ভূমিকা নিয়ে জনপরিসরে প্রশ্ন, সমালোচনা ও বিশ্লেষণ আছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়কার অবস্থান, স্বাধীনতার পর রাজনৈতিক প্রক্রিয়ায় পুনরায় সক্রিয় হয়ে ওঠা এবং রাষ্ট্রক্ষমতার অংশীদার হওয়ার বিষয়টি নিয়ে সমাজে স্পষ্ট মতভেদ দেখা দেয়। এই প্রেক্ষাপটে বিএনপি নিজেদের একটি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থানে উপস্থাপন করে। তাদের বক্তব্য ছিল, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে কোনও দলীয় প্রতিহিংসা বা একক মালিকানার কাঠামোর মধ্যে আবদ্ধ করা সমীচীন নয়, বরং এটিকে জাতীয় সংহতি ও বহুমতের সহাবস্থানের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করাই হওয়া উচিত প্রধান লক্ষ্য।

বিএনপির এই অবস্থান ছিল মূলত রাজনৈতিক বিতর্কের প্রতিক্রিয়া হিসেবে গড়ে ওঠা। তারা যুক্তি দেয়, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত বা অসম্মানিত করার যেকোনও প্রচেষ্টা যেমন অগ্রহণযোগ্য, তেমনই এর নামে ভিন্নমত দমন বা ক্ষমতা কুক্ষিগত করাও গণতন্ত্রের জন্য ক্ষতিকর। এই বক্তব্যের মধ্য দিয়ে দলটি নিজেদের এমন একটি অবস্থানে দাঁড় করাতে চেয়েছে, যেখানে মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার পাশাপাশি রাজনৈতিক বহুত্ববাদকেও গুরুত্ব দেওয়া হয়। তাদের দাবি ছিল, জাতীয় রাজনীতিতে মুক্তিযুদ্ধের প্রশ্নে আবেগ নয়, প্রয়োজন বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি।

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয় অর্জনের মাধ্যমে বিএনপির সরকার গঠনের ঘটনা এই সমগ্র রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়। নির্বাচন যেকোনও গণতান্ত্রিক রাষ্ট্রে জনমতের প্রতিফলন। যখন একটি দল বিপুল আসনসংখ্যা অর্জন করে, তখন তা কেবল সাংগঠনিক শক্তির ফল নয়— বরং জনগণের আস্থার বহিঃপ্রকাশ। বিএনপির এই বিপুল বিজয়কে অনেকেই ব্যাখ্যা করেন এভাবে যে, দেশের মানুষ মুক্তিযুদ্ধকে যথাযথ মূল্যায়ন করতে জানে এবং তারা এমন রাজনীতি চায় না, যেখানে ইতিহাসকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করা হয়। জনগণের এই রায়কে তারা মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার পক্ষে এক ধরনের সমর্থন হিসেবে তুলে ধরে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিজয়ের পেছনে কেবল মুক্তিযুদ্ধ ইস্যু নয়, আরও বহু সামাজিক ও অর্থনৈতিক কারণ কাজ করেছে। দ্রব্যমূল্য, কর্মসংস্থান, আইনশৃঙ্খলা, প্রশাসনিক দক্ষতা ইত্যাদি বিষয়ও ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলে। কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নটি যে নির্বাচনি প্রচারণায় একটি গুরুত্বপূর্ণ প্রতীকী ভূমিকা পালন করেছে, তা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের মানুষ তাদের ইতিহাস নিয়ে সংবেদনশীল, এবং এই সংবেদনশীলতাকে সম্মান জানানো যে কোনো রাজনৈতিক দলের জন্য অপরিহার্য।

জামায়াতে ইসলামীকে ঘিরে বিতর্ক বিশেষভাবে সংবেদনশীল। মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার প্রশ্নে তাদের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। ফলে তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা জোট প্রশ্নে অন্য দলগুলোর অবস্থানও বারবার আলোচনায় এসেছে। বিএনপি যখন নিজেদের অবস্থান ব্যাখ্যা করে, তখন তারা বলে যে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া যেকোনও দলের রাজনৈতিক অধিকার রয়েছে, তবে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কোনও ধরনের অবমাননা বা বিকৃতি গ্রহণযোগ্য নয়। এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করাই ছিল তাদের রাজনৈতিক কৌশলের অংশ।

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা মানে সংবিধান সংশোধনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাওয়া। তাই এমন বিজয় কেবল ক্ষমতার নয়, দায়িত্বেরও প্রতীক। জনগণ যে আস্থা দিয়েছে, তা ধরে রাখা এবং মুক্তিযুদ্ধের মর্যাদা অক্ষুণ্ণ রাখা তখন সরকারের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়। রাজনৈতিক প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে কোণঠাসা করার বদলে, জাতীয় ঐকমত্য গড়ে তোলাই ছিল সময়ের দাবি।

বাংলাদেশের মানুষ যে এখনও মুক্তিযুদ্ধকে যথাযথ মূল্যায়ন করতে জানে, এই বক্তব্যের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস ও প্রত্যাশা নিহিত আছে। গ্রাম থেকে শহর, শিক্ষিত থেকে অশিক্ষিত, তরুণ থেকে প্রবীণ— সবার মনেই মুক্তিযুদ্ধ এক গর্বের ইতিহাস। নির্বাচন যখন আসে, তখন তারা কেবল দলীয় প্রতীকে ভোট দেন না; বরং তাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবেন। সেই ভাবনার কেন্দ্রে থাকে স্বাধীনতার চেতনা।

সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি বদলায়, দল পরিবর্তিত হয়, নেতৃত্বের রদবদল ঘটে। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস অম্লান থাকে। এটিকে কেন্দ্র করে বাড়াবাড়ি যেমন সমালোচিত, তেমনই অবমূল্যায়নও নিন্দিত। ইতিহাসের এই দ্বৈত চ্যালেঞ্জের মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে চলেছে। রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থে জনগণের রায়কে সম্মান করে, তবে মুক্তিযুদ্ধের প্রশ্নে বিভাজনের রাজনীতি নয়, বরং সম্মিলিত দায়িত্ববোধই হবে ভবিষ্যতের পথনির্দেশ।

অতীতের অভিজ্ঞতা দেখিয়েছে, জনগণ শেষ পর্যন্ত তাদের রায়ের মাধ্যমে স্পষ্ট বার্তা দেয়। যেকোনও সরকার যদি মনে করে যে, মুক্তিযুদ্ধের আবেগকে ব্যবহার করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে, তবে তা ভুল প্রমাণিত হতে পারে। আবার যারা মনে করে ইতিহাসের গুরুত্ব উপেক্ষা করেও রাজনৈতিক সাফল্য অর্জন সম্ভব, তারাও ভুল করবে। কারণ বাংলাদেশের মানুষের চেতনায় মুক্তিযুদ্ধ গভীরভাবে প্রোথিত।

এই প্রেক্ষাপটে দুই-তৃতীয়াংশ আসনে বিজয় শুধু একটি রাজনৈতিক পরিসংখ্যান নয়— এটি একটি সময়ের প্রতিফলন। এটি দেখায় যে, জনগণ ইতিহাস সম্পর্কে সচেতন এবং তারা এমন নেতৃত্ব চায়, যারা মুক্তিযুদ্ধকে সম্মান করবে, কিন্তু তাকে বিভাজনের অস্ত্র বানাবে না। রাজনৈতিক বিতর্ক থাকবেই, মতপার্থক্যও থাকবে, কিন্তু জাতীয় ইতিহাসকে কেন্দ্র করে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি।

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে এই ভারসাম্য রক্ষার ওপর। মুক্তিযুদ্ধকে যথাযথ মূল্যায়ন মানে তাকে জীবন্ত রাখা, গবেষণা করা, প্রজন্মকে শিক্ষা দেওয়া এবং একই সঙ্গে গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করা। ইতিহাসকে সম্মান করে, কিন্তু তাকে রাজনৈতিক আধিপত্যের হাতিয়ার না বানিয়ে এগিয়ে যাওয়াই হতে পারে— একটি পরিণত গণতান্ত্রিক রাষ্ট্রের লক্ষণ। জনগণের রায় সেই দিকেই ইঙ্গিত করে যে, তারা মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করে, কিন্তু রাজনৈতিক স্বার্থে তার অপব্যবহার মেনে নিতে প্রস্তুত নয়।

লেখক: অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button