আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।
সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি নিজে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগের কারণ জানিয়ে সাইমুম রেজা বলেন, ‘‘কয়েকদিন আগে অব্যাহতি চেয়ে আবেদন করেছি। আজ শেষ কর্মদিবস ছিল। মূলত আগের পেশায় ফিরে যেতেই এ সিদ্ধান্ত নিয়েছি।’’
এদিকে পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর।
এর আগে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে ২০২৪ সালের ৮ অক্টোবর প্রসিকিউটর হিসেবে যোগ দেন সাইমুম রেজা। রামপুরা, লক্ষ্মীপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলা পরিচালনা করেছেন তিনি। প্রসিকিউটর হওয়ার আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এই আইনজীবী।



