Uncategorized

আপাতত বিশ্বকাপে যোগ্যতা অর্জনের চেয়ে ওয়ানডেতে উন্নতিই মূল লক্ষ্য: ফিল সিমন্স

পাকিস্তান সিরিজ দিয়ে চার মাস পর আবারও ওয়ানডে ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। যে সিরিজটি ভীষণ গুরুত্বপূর্ণও। কারণ, সামনে রয়েছে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের নানা হিসেব-নিকেশ। বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স অবশ্য, আপাতত র‌্যাঙ্কিংয়ের হিসাব বাদ দিয়ে ওয়ানডেতে নিজেদের পারফরম্যান্সের উন্নতিতেই বেশি মনোযোগ দিচ্ছেন।

মিরপুরে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিমন্স বলেছেন, ‘শুধু বাছাইয়ের হিসাব-নিকাশ নিয়ে ভাবছি না, চূড়ান্ত লক্ষ্য হলো ওয়ানডে ক্রিকেটে আরও ভালো করা।’

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে খুব একটা ভালো অবস্থায় নেই বাংলাদেশ। শেষ পাঁচটি ওয়ানডে সিরিজের মধ্যে চারটিতেই হেরেছে। তাই বর্তমান স্কোয়াডের প্রতিভা অনুযায়ী সর্বোচ্চ মানের ক্রিকেট খেলতে চান কোচ। তার মতে, ‘আগে যখন বাংলাদেশ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল, তখন দলের অভিজ্ঞতা ছিল বেশি। এখন সেই অভিজ্ঞতার কিছুটা ঘাটতি আছে। তবে আমাদের লক্ষ্য হলো বর্তমান স্কোয়াডের সামর্থ্য অনুযায়ী সেরা ক্রিকেটটা খেলা।’

সিমন্স নিজের উদ্দেশ্য নিয়ে বলেছেন, ‘এখন উদ্দেশ্য হচ্ছে দলকে র‍্যাঙ্কিংয়ে উপরের দিকে নিয়ে যাওয়া। শুধু শীর্ষ আটে থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়াই লক্ষ্য নয়, বরং ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলে টেবিলে ওপরে ওঠা।’

আগামী বছর ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি অংশ নেবে। এছাড়া ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ আট পূর্ণ সদস্য দেশ সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে।

এই হিসেব নিয়ে অবশ্য সিমন্স সিরিয়াসভাবেই ভাবছেন। পাশাপাশি তার লক্ষ্য হচ্ছে, ‘নির্ধারিত সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ে ওপরে ওঠাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঠে ক্রিকেটের মান উন্নত করা।’

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button