আয়ারল্যান্ডে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নারী চিকিৎসকের মৃত্যু, স্বামী আইসিইউতে

আয়ারল্যান্ডের কাউন্টি ডোনেগালে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. মাহবুবা হোসেন (৫৫)। এই একই দুর্ঘটনায় তার স্বামী ডা. ফারুক হোসেন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
স্থানীয় সময় সোমবার ভোরে এন১৫ বুন্দাফ ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পরিবারটি ক্যাসেলবার এলাকায় সেহরি শেষ করে ডোনেগালের লেটারকেনি এলাকায় নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথে বুন্দোরানের নিকটবর্তী বুন্দাফ ব্রিজে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ডা. মাহবুবা হোসেনের মৃত্যু হয়।
ডা. ফারুক হোসেন লেটারকেনি ইউনিভার্সিটি হাসপাতালের একজন চিকিৎসক। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। তার সহকর্মীরাই এখন তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনায় তাদের দুই ছেলেও আহত হয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বর্তমানে আশঙ্কামুক্ত।
মুন্সিগঞ্জের সিরাজদিখানের বালুচর এবং ঢাকার মিরপুর-১-এর পাইকপাড়া এলাকার বাসিন্দা এই পরিবারটি গত চার বছর ধরে আয়ারল্যান্ডের ডোনেগালে বসবাস করছেন।
ডোনেগালের বাংলাদেশি কমিউনিটির সংগঠক ওবায়দুর রহমান রুহেল বলেছেন, আমরা ডা. ফারুকের শারীরিক অবস্থার খোঁজ রাখা এবং তার দুই সন্তানের মানসিক ও শারীরিক সহায়তায় পাশে থাকার চেষ্টা করছি। অন্যের জীবন বাঁচাতে কাজ করে যাওয়া এক চিকিৎসক দম্পতির জীবনে এমন ট্র্যাজেডি মেনে নিতে কষ্ট হচ্ছে মানুষের।



