জ্বালানি তেল না থাকায় ফিলিং স্টেশন বন্ধ, জীবনযাত্রা ব্যাহত

জ্বালানি তেলের মজুত না থাকায় ময়মনসিংহের বেশির ভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল থেকে ঘুরে দেখা গেছে, তেল মজুত না থাকায় জেলার ফিলিং স্টেশন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এদিকে জ্বালানি তেল না পাওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন যানবাহন চালকরা। দ্রুত এর সমস্যার সমাধানের দাবি করেছেন তারা।
মোটরসাইকেল চালক আবদুল্লাহ বলেন, ‘আমরা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। সারাক্ষণ মোটরসাইকেল নিয়ে কাজ করতে হয়। রবিবার সন্ধ্যার পর থেকে ময়মনসিংহের ফিলিং স্টেশনগুলোতে তেল পাওয়া যাচ্ছে না। আজ সকাল থেকেও বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে ঘুরে দেখলাম কোথাও তেল নাই। স্টেশনগুলো বন্ধ রেখেছে মালিকরা। তেল না পাওয়ায় আমাদের কাজ একেবারে বন্ধ হয়ে গেছে।’
প্রাইভেটকার চালক কামাল হোসেন বলেন, ‘আমার গাড়ি গ্যাস কনভার্সন না করা থাকায় জ্বালানি তেল অক্টেন কিংবা পেট্রোল দিয়েই চলতে হয়। আজ সকাল থেকে বিভিন্ন পাম্পে গিয়ে তেলের জন্য ঘুরেও কোথাও পাওয়া গেল না। এখন গাড়িতে সামান্য তেল আছে। বাসা পর্যন্ত যেতে পারবো কিনা তা জানি না। তেল মজুত না থাকায় রবিবার সন্ধ্যার পর থেকে ময়মনসিংহের বেশির ভাগ পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া দরকার।’
শহরের স্টার ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোখলেসুর রহমান বলেন, ‘ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়েছি তেলের জন্য। কিন্তু ডিপোগুলো থেকে তেল পাওয়া যাচ্ছে না। দুই দিন ধরে তেলের জন্য ডিপোতে গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। রবিবার সন্ধ্যার পর থেকে পাম্পের তেলের মজুত শেষ হয়ে গেছে। তেল মজুত না থাকায় যান চালকদের তারা তেল দিতে পারছেন না।’
গঙ্গা দাস গুহ রোডের অটোমোবাইল ফিলিং স্টেশনের কর্মচারী শরীফ বলেন, ‘রবিবার সন্ধ্যার পর থেকেই আমাদের পাম্পের তেলের মজুত শেষ হয়ে গেছে। তেলের জন্য চালকরা এসে ঘুরে ঘুরে যাচ্ছে। তেল না থাকায় আমরা তাদের দিতে পারছি না। তেল না পাওয়ায় চালকরাও বিপাকে পড়েছেন।’
এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, ‘সারা দেশের মতো ময়মনসিংহেও তেলের সংকট রয়েছে। এ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।’ কর্তৃপক্ষ বিষয়টি সুরাহা করার জন্য উদ্যোগ নিচ্ছেন জানান তিনি।



