দৌলতদিয়া-পাটুরিয়ায় তিন ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (৯ মার্চ) ভোররাত ৫টা ১০ মিনিটে হঠাৎ কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল ৮টায় কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়ে কয়েক শ যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, হঠাৎ ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোররাত ৫টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় সকাল ৮টায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।



