সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে বিদেশে বাংলাদেশের ব্র্যান্ডিং করার উদ্যোগ

বিশ্বব্যাপী বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতি প্রচারের উপায়গুলো নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই লক্ষ্যে সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খাইয়াম পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি ও বিদেশে সাংস্কৃতিক উৎসব আয়োজনের মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বাংলাদেশের ব্র্যান্ডের প্রচার এবং বিদেশে দেশের ভাবমূর্তি উন্নয়নে সফট পাওয়ারের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে সাংস্কৃতিক কূটনীতিকে জোরদার করাই এ বৈঠকের লক্ষ্য। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সক্রিয় উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এ ধরনের প্রথম বৈঠক এটি।
সভায় সাংস্কৃতিক কূটনীতিকে এগিয়ে নিতে এবং সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক) প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার বাস্তব উদ্যোগ হিসেবে সঙ্গীত ও নৃত্য পরিবেশনা, শিল্প প্রদর্শনী, বইমেলা, লোকসংগীত অনুষ্ঠান, রন্ধনসম্পর্ক প্রদর্শনী এবং ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শনের মতো বিভিন্ন সাংস্কৃতিক উৎসব ও অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশ ও শতাধিক দেশের মধ্যে বিদ্যমান ও মুলতুবি চুক্তি, সমঝোতা স্মারক (এমওইউ) এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি (সিইপি) পর্যালোচনা করা হয়। সভায় বর্তমান চুক্তিগুলো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেগুলো অপেক্ষমাণ রয়েছে, সেগুলো দ্রুত চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উভয়ই বিশ্বজুড়ে বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতিকে আরও এগিয়ে নিতে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।



