Uncategorized

বাড়িতে ঈদের টাকা পাঠানো হলো না মোশাররফের, ইরানের হামলায় সৌদিতে নিহত

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত মোশারফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখিপুরে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। 

নিহত মোশারফ হোসেন (৪০) উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের
সুরজত আলীর ছেলে। রবিবার (৭ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের আল-খারিজ শহরের আল-তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে তিনি প্রাণ হারান।

এদিকে, খবর পেয়ে সোমবার (৯ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী নিহতের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন।

জানা গেছে, কৃষক সুরজত আলীর এক ছেলে ও এক মেয়ে। কৃষিকাজ করে তাদের সংসার চলছিল। এক পর্যায়ে দরিদ্র পরিবারের হাল ধরতে প্রায় আট বছর আগে মোশারফ সৌদি আরবে পাড়ি জমান। সর্বশেষ তিন বছর আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। সংসার জীবনে তিনি দুই সন্তানের জনক। বড় ছেলে মাহিম স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে মিহান প্রথম শ্রেণিতে পড়াশোনা করছে। 

মোশাররফের স্ত্রী কবরী আক্তার বলেন, রবিবার সকালে আমার স্বামী মোশারফের সঙ্গে শেষবার কথা হয়। তিনি জানিয়েছিলেন ঈদে কেনাকাটার জন্য টাকা পাঠাবেন। কিন্তু সেটাই যে শেষ কথা হবে, তা ভাবিনি। আমার শ্বশুরের অনেক বয়স হয়েছে। আমার দুই ছেলেও ছোট। এমতাবস্থায় এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার স্বামী। এখন আমাদের সংসার চালানোর মতো কেউ রইল না।

মোশারফের মা জহুরা বেগম বলেন, কখনও ভাবিনি আমার ছেলের এভাবে মৃত্যু হবে। আগে জানলে বিদেশে পাঠাতাম না। এখন আমার ছেলের লাশটা এনে দাও।

নিহতের চাচাতো ভাই ও সৌদিপ্রবাসী এম জাকির হোসেন বলেন, মোশারফের ক্যাম্পে ইফতারের প্রস্তুতি চলছিল। এমন সময় হঠাৎ একটি বিস্ফোরণে পুরো এলাকা লন্ডভন্ড হয়ে যায়। যে এলাকায় হামলার ঘটনা ঘটেছে, সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে বলে শুনেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনী বলেন, পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় তিনি প্রবাসে গিয়েছিলেন। কিন্তু দুর্ঘটনায় সব শেষ হয়ে গেলো। খবর পেয়ে আমরা সকালে পরিবারের সঙ্গে কথা বলেছি। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত লাশ দেশে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

এদিকে, স্থানীয় সংসদ সদস্য আহমেদ আযম খান নিহতের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে সমবেদনা জানান। তিনি এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button