সোনার দাম আরও কমলো

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। সোমবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পাকা সোনার দাম কমায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরি ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরি ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা। সনাতন পদ্ধতির সোনার ভরি ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
গত ৪ মার্চও সোনার দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেট সোনার ভরি ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়। সেই দাম কার্যকর থাকার পাঁচ দিনের মাথায় আবারও কমলো সোনার দাম।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী— ২২ ক্যারেট রুপার ভরি ১৭৫ টাকা কমিয়ে ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই মূল্য তালিকা সোমবার সকাল ১০টা থেকে দেশের জুয়েলারি দোকানগুলোতে কার্যকর হয়েছে।



