Uncategorized

ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক শাখা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির মধ্যেও দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকাগুলোতে কিছু ব্যাংক শাখা খোলা থাকবে।

মঙ্গলবার (১০ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি)  থেকে জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, আসন্ন শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব নির্ধারিত সরকারি ছুটির মধ্যবর্তী দিন ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সেদিন তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা সাধারণভাবে বন্ধ থাকবে।

তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে নির্দিষ্ট কিছু শিল্পাঞ্চলে ব্যাংকিং কার্যক্রম সীমিত আকারে চালু রাখা হবে।

এর আওতায় ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৮ ও ১৯ মার্চ সীমিত সংখ্যক জনবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

এই দুইদিন ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। আর গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এদিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস এলাকা) ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখতে আগের নির্দেশনার ধারাবাহিকতায় ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে কার্যক্রম চালানো যাবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button