Uncategorized

‘এত বড় মঞ্চে খেলা আমাদের স্বপ্ন ছিল’

নারী এশিয়ান কাপে বাস্তবতার চেয়ে স্বপ্নটাই যেন একটু বেশি ছিল বাংলাদেশের। বিশেষ করে গ্রুপ পর্বে উজবেকিস্তানকে হারানো ছিল বড় লক্ষ্য। কিন্তু পার্থের মাঠে সেই স্বপ্ন পূরণ হয়নি। বরং ৪ গোলে হার মেনে বিদায় নিতে হয়েছে। কঠিন বাস্তবতা মেনে নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন দলের কয়েকজন খেলোয়াড়, যার মধ্যে আছেন ঋতুপর্ণা চাকমা ও তহুরা খাতুন। 

চীন ও উজবেকিস্তানের বিপক্ষে ঋতুপর্ণা চাকমার দুটি দূরপাল্লার ট্রেডমার্ক শট অল্পের জন্য জালে জড়ায়নি। দুইবারই প্রতিপক্ষ গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে কোনওমতে বল ঠেকিয়েছেন। গোল হলে হয়তো ম্যাচের মোড় ঘুরে যাওয়ার সুযোগ তৈরি হতে পারতো। তবে আপাতত সে আক্ষেপে ভুগছেন না রাঙামাটি থেকে উঠে আসা এই ফরোয়ার্ড। ঋতুপর্ণা বলেছেন, ‘এত বড় মঞ্চে খেলা আমাদের স্বপ্ন ছিল। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। বাস্তবতাকে মেনে নিয়ে আপাতত আমাদের এখানেই থামতে হচ্ছে। আমাদের ওপর বিশ্বাস রাখুন এবং আমাদের সঙ্গেই থাকুন।’

ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই ফরোয়ার্ড আরও বলেছেন, ‘আমরা ভবিষ্যতে দারুণ কিছু করে দেখাবো। যারা আমাদের পাশে ছিলেন এবং অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।’

স্ট্রাইকার তহুরা খাতুন দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘স্যরি বাংলাদেশ। এখানেই শেষ হলো আমাদের ২০২৬ সালের এশিয়া কাপ যাত্রা। প্রথমবারের মতো এশিয়া কাপের মতো বড় মঞ্চে খেলার সুযোগ পেয়ে আমরা সত্যিই গর্বিত। দেশের জার্সি গায়ে দিয়ে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, দেশের জন্য শেষ পর্যন্ত লড়েছি। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না।’

তিনি আরও বলেছেন, ‘প্রতিপক্ষ দলগুলো যতই শক্তিশালী হোক না কেন, আমরা সাহস নিয়ে প্রতিটি মুহূর্তে লড়েছি। কিন্তু দিনশেষে হয়তো আমরা কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে পারিনি। সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা এখানেই থেমে থাকবো না। ইনশাআল্লাহ, আমরা আবার ফিরবো- নতুন শক্তি, নতুন স্বপ্ন এবং নতুন চ্যালেঞ্জ নিয়ে।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তহুরা বলেছেন, ‘দেশের ফুটবলপ্রেমী মানুষ, সমর্থক এবং প্রবাসী বাংলাদেশিরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে ছিলেন এবং উৎসাহ দিয়েছেন—আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের শক্তি। আমাদের জন্য দোয়া করবেন, যেন আগামী দিনে দেশের জন্য আরও বড় কিছু করতে পারি এবং বাংলাদেশের ফুটবলকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারি।’

মিডফিল্ডার মনিকা চাকমাও সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমি সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমরা সবসময় দেশের জন্য লড়াই করি। নিজেদের জন্য নয়, দেশের জন্য খেলি। হয়তো এবার আমরা জিততে পারিনি, এবার আমরা খালি হাতে ফিরছি। তবে একদিন আমরা মাথা উঁচু করে ফিরবো এবং জয়ী হবো। তোমরা সবসময় আমাদের পাশে থাকবে, আমাদের সমর্থন করবে।’

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button