গ্র্যাজুয়েটদের পেশাগত দক্ষতা বাড়াতে ইউল্যাব–আইসিএমএবি সমঝোতা

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্কুল অব বিজনেস এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
সোমবার (৯ মার্চ) ইউল্যাব ক্যাম্পাসে এ চুক্তি সই হয়।
চুক্তির লক্ষ্য ইউল্যাব গ্র্যাজুয়েটদের জন্য পেশাদার অ্যাকাউন্টিং খাতে প্রবেশের পথ আরও সুগম করা। ইউল্যাবের স্নাতক পর্যায়ের কারিকুলামের উচ্চমান বিবেচনায় আইসিএমএবি তাদের সিএমএ প্রোগ্রামে নির্দিষ্ট কিছু কোর্সে ক্রেডিট ট্রান্সফার ও ওয়েভার সুবিধা দেবে। এর ফলে হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ম্যানেজমেন্টে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।
অনুষ্ঠানে ইউল্যাবের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য এবং ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর সারওয়ার আহমেদ।
আইসিএমএবি’র পক্ষে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সভাপতি মো. কাওসার আলম (এফসিএমএ), সহ-সভাপতি এস. এম. জহির উদ্দিন হায়দার (এফসিএমএ), কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মুশফিকুর রহমান (এফসিএমএ) এবং সেক্রেটারি মনজুর মো. শাইফুল আজম (এফসিএমএ)। এছাড়া ইউল্যাবের বিভিন্ন অনুষদের শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।
একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নে ইউল্যাবের নিরন্তর প্রচেষ্টারই প্রতিফলন এই দ্বিপাক্ষিক সহযোগিতা।



