তমা-হিমির নৃত্য চমক

এবারের ঈদ ‘ইত্যাদি’তে নৃত্য চমক নিয়ে হাজির হচ্ছেন সিনেমার তমা মির্জা আর নাটকের হিমি। এমনটাই নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির প্রধান কর্তা হানিফ সংকেত।
দুই নায়িকার সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।
হানিফ সংকেতের বরাত দিয়ে নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, ‘এবারের নাচটি ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন নাচটির ব্যাপারে খুবই আন্তরিক। এ ধরণের নতুন নতুন বিষয়ে নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত। নৃত্যশিল্পীরাও নেচেছেন দুর্দান্ত। যে কারণে সবকিছু মিলিয়ে এবারে ঈদের নাচটি হবে অসাধারণ।’ হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ।
ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।



