দেশের পথে ঋতুপর্ণারা

পার্থের নির্মল হাওয়া হয়তো আজ থেকে ঋতুপর্ণাদের কাছে সহনীয় নাও হতে পারে। যে স্বপ্ন নিয়ে নারী এশিয়ান কাপে এসেছিলো তা পূরণ হয়নি। গ্রুপ পর্বে তিন ম্যাচ হেরেই বিদায় নিতে হয়েছে। তাই আগের নির্ধারিত ফ্লাইটে এরইমধ্যে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল। থাইল্যান্ড হয়ে বাংলাদেশ সময় আজ মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।
যদিও গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জিতলে আজ দেশের জন্য বিমান ধরতে হতো না বাংলাদেশকে। ‘সি’ গ্রুপে জাপান-ভিয়েতনাম ও চাইনিজ তাইপে-ভারত ম্যাচের দিকে চোখ রাখতে হতো। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠলে আবার সিডনি ফিরতে হতো বাংলাদেশ দলকে। তবে, হেরে যাওয়ায় এখন দেশে ফিরতে হচ্ছে।
এশিয়ান কাপ খেলা বাংলাদেশের বেশিরভাগ ফুটবলারের বয়স ২০ বছরের নিচে। তাদের অনেকেই ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া থাইল্যান্ডে এএফসি অনুর্ধ্ব-২০ টুর্নামেন্ট খেলবে। দেশে ফিরেই অনুশীলনে নামতে হবে তাদের। এ দলের কোচও পিটার বাটলার।
তবে, আগের দিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইংলিশ কোচ বাংলাদেশ দলে থাকবেন কি না ইঙ্গিত দিয়ে বলেছিলেন, “আমি এখানে থাকছি না। আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে যাচ্ছি। সেখানে গিয়ে আমার ভবিষ্যৎ নিয়ে ভাববো। আমি কী করতে চাই, সেটি অনেকদিন ধরেই আমার মাথায় ঘুরছে।”
এশিয়ান কাপে উজবেকিস্তানের বিপক্ষে চার গোলে হারের ব্যাখ্যায় জানিয়েছিলেন, “আমরা আসলে খারাপ ফুটবল খেলিনি। অনেক সময়ই ভালো ফুটবল খেলেছি। কিন্তু, যখন আপনি এমন একটি দলের বিপক্ষে খেলবেন, যারা ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে ৬০–৭০ ধাপ এগিয়ে এবং শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী, তখন পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। তারা ম্যাচ বিশ্লেষণের জন্য টিভি ক্যামেরা ও ভিডিও সরঞ্জাম নিয়ে আসে, যা আমাদের নেই। আমাদের সেই সুবিধা নেই। অনেক সময় মনে হয়, যেন একজন বক্সার এক হাত পেছনে বেঁধে রেখে লড়াই করতে নেমেছে।”



