নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসা আবেদন পর্যালোচনায় কড়াকড়ি, অপেক্ষার সময় বাড়তে পারে

সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসার আবেদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তবে এসব আবেদনে অনেক অনিয়ম পাওয়ার কথা জানিয়েছে ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস। এ কারণে সব ভিসা আবেদন কঠোরভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।
দূতাবাস এক বার্তায় জানায়, ভিসা প্রক্রিয়ার অখণ্ডতা নিশ্চিত করতে বর্তমান সব আবেদনের একটি বিস্তৃত পর্যালোচনা চলছে। এই পর্যালোচনা আগে অনুমোদিত কিছু ভিসা এবং ফ্যামিলি ভিসার ক্ষেত্রেও করা হচ্ছে।
বার্তায় বলা হয়, এই প্রয়োজনীয় প্রক্রিয়াগুলোর কারণে আবেদনকারীদের ওপর প্রভাব পড়তে পারে। এর ফলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং নেদারল্যান্ডসে ভ্রমণের সম্ভাব্য সময়সূচিতে সমন্বয় করার প্রয়োজন হতে পারে।
দূতাবাস জানায়, একটি সুষ্ঠু ও স্বচ্ছ অ্যাপ্লিকেশন সিস্টেম বজায় রাখার জন্য এসব পদক্ষেপ অপরিহার্য। বেশিরভাগ শিক্ষার্থীকে নেদারল্যান্ডসে তাদের নিজ নিজ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরাসরি পুনর্মূল্যায়নের ফলাফল সম্পর্কে অবহিত করবে। এরপর দূতাবাস ভিসা আবেদন প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো সহজতর করতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করবে।
দূতাবাস আরও জানায়, ভিসা আবেদন সম্পর্কিত সব চূড়ান্ত সিদ্ধান্ত নেদারল্যান্ডসের দায়িত্বশীল কর্তৃপক্ষ গ্রহণ করে, দূতাবাস নয়। যেসব আবেদন বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে, সেগুলোর বিষয়ে নেদারল্যান্ডসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।
দূতাবাস সব আবেদনকারী ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অব্যাহত ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।



