মিরপুরের এলএ প্লাজায় আগুনের ঘটনায় হাসপাতালে ২ জনের মৃত্যু

রাজধানীর মিরপুর-২ নম্বরে এলএ প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। সোমবার (৯ মার্চ) গভীর রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে পুরুষ ব্যক্তিটির নাম রাকিব হাসান। মারা যাওয়া নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার এসআই আহসান সোহেল।
এর আগে সোমবার এলএ প্লাজায় দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ছয় ইউনিটের চেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ বলেন, মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করা হয়।



