Uncategorized

জামিন পেয়ে হিরো আলম বললেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’

সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বুধবার (১১ মার্চ) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। আদালতের স্পেশাল পিপি আলী আজগর এ তথ্য বাংলা ট্রিবিউনকে জানান।

বিকালে জামিনে কারামুক্ত হয়ে হিরো আলম বলেছেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আটক করে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা পারেনি। আজকে আমি জামিন পেয়েছি। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকায় আমার অফিসে সংবাদ সম্মেলন করবো। সেখানে পুরো বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরবো।’

গত ১৯ ফেব্রুয়ারি বেলা আড়াইটার দিকে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে শাজাহানপুর থানার সামনে গাড়ি থামিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে বগুড়া কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারে ছিলেন।  এর আগে ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। 

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, হিরো আলমের বিরুদ্ধে আদালতে দুটি মামলা হয়েছে। একটি সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগে, আরেকটি ধর্ষণের অভিযোগে এক নারীর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গত বছরের ৬ মে ওই নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন। ওই দিন আদালতের বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইয়ের পুলিশ সুপারকে নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আজ শুনানি শেষে তাকে ওই মামলায় জামিন দেন আদালত।

পাশাপাশি প্রথম স্ত্রী সাদিয়া আক্তার সুমিকে নির্যাতনের অভিযোগে ২০১৯ সালে হিরো আলমের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরবর্তীতে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে স্ত্রী অন্যত্র বিয়ে করেন। এ মামলার ব্যাপারে হিরো আলম জামিনে থাকলেও হাজিরা না দেওয়ায় ২০২৪ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বুধবার তাকে আদালতে হাজির করার পর সাবেক স্ত্রীর সঙ্গে বিষয়টি মীমাংসার কথা জানান। এ ছাড়া আগামী ধার্য তারিখে আপসের কাগজপত্র দাখিল করতে চান। শুনানি শেষে আদালত ওই দিন পর্যন্ত তাকে জামিন দেন।

আদালতের বিশেষ পিপি আলী আজগর বলেন, ‘হিরো আলম দুদিন আগে ধর্ষণের মামলায় জামিন পান। কিন্তু সাবেক স্ত্রীকে নির্যাতনে মামলায় গ্রেফতার থাকায় জেল থেকে বের হতে পারেননি। বুধবার সাবেক স্ত্রীর মামলায়ও জামিন পান। আদালত তাকে আগামী ধার্য তারিখে সাবেক স্ত্রীর সঙ্গে আপসের কাগজপত্র দাখিলের শর্তে জামিন দিয়েছেন।’

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button