Uncategorized

ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত হয়নি: চিফ হুইপ মনি

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি বিএনপি। তিনি বলেন, ‘আমরা একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই। আশা করি, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা কামনা করি।’

বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি শেষ হয় দুপুর ১টা ৩৫ মিনিটে। এতে বিএনপি ও সমমনা দলের নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন।

চিফ হুইপ জানান, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন করা। বৈঠকে সংসদের কার্যক্রম ও আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন, তিনি প্রথমে সভাপতিত্ব করবেন। এরপর সংসদের অধিবেশন শুরু হবে এবং স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

তিনি আরও বলেন, সংসদের প্রথম দিন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বিগত আন্দোলন-সংগ্রামে নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হবে। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে অধিবেশন সমাপ্ত হবে।

ডেপুটি স্পিকারের পদ নিয়ে তিনি বলেন, এ বিষয়ে বিরোধী দলকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি।

তবে সম্প্রতি এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জানিয়েছিলেন, জুলাই সনদের আলোকে জামায়াতে ইসলামিকে ডেপুটি স্পিকারের পদের জন্য মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যদিকে বুধবার (১১ মার্চ) সংসদে বিরোধী দলের সংসদীয় বৈঠক শেষে দলটির নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তাদের সিদ্ধান্ত আগামীকাল (১২ মার্চ) জানানো হবে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button