দ. কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্যবহারের জন্য দক্ষিণ কোরিয়া থেকে তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড সরিয়ে নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তে দক্ষিণ কোরিয়ায় মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে নতুন করে প্রশ্ন ও গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, থাড ছাড়াও আরও কিছু সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে মার্কিন বাহিনী। এমনকি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের কয়েকটি ব্যাটারি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে পাঠানোর বিষয়েও আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে পূর্ব এশিয়া থেকে মার্কিন অঙ্গীকার কমে যাওয়ার এই ইঙ্গিত উত্তর কোরিয়া বা তাইওয়ান ইস্যুতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে উত্তর কোরিয়া এই সুযোগে সামরিক চাপ বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছে জাপানও। ইরান যুদ্ধে ব্যবহারের জন্য জাপানের ভূখণ্ডে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলো সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে, যা টোকিওকে ভাবিয়ে তুলেছে।
তবে উদ্ভূত পরিস্থিতিতে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। তিনি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা যথেষ্ট শক্তিশালী। তাই থাড সরিয়ে নেওয়ার কারণে উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় কোনও সাময়িক ঘাটতি তৈরি হবে না।



