ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ২২১৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৭০ হাজার ৪২৯ টাকা। একদিনের ব্যবধানে ভরিপ্রতি দাম বেড়েছে দুই হাজার ২১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছে দুই হাজার ১০০ টাকা। আর ১৮ ক্যারেট এক হাজার ৮০৮ এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৯৮ টাকা।
বুধবার (১১ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বাড়ানোর কথা জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। আর সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৫৮ হাজার ১২৪ টাকায়। আর ১৮ ক্যারেট দুই লাখ ২১ হাজার ২৬৬ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।
স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দাম। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ছয় হাজার ৭০৬ টাকায় বিক্রি হবে, যা আগের দিন ছিলো ছয় হাজার ৫৩১ টাকা। এর মানে একদিনের ব্যবধানে দাম বাড়লো ১৭৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট ছয় হাজার ৪১৫, ১৮ ক্যারেট পাঁচ হাজার ৪৮২ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে চার হাজার ৮২ টাকায়।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে। এছাড়া ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।



