বাহরাইনের বাইরে থেকেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা: দূতাবাস

চলমান পরিস্থিতিতে কোনও বাংলাদেশি প্রবাসী বাহরাইনের বাইরে অবস্থান করলেও তিনি তার ভিসা নবায়ন করতে পারবেন বলে জানিয়েছে মানামায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস। বুধবার (১১ মার্চ) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দূতাবাস জানায়, যাদের এলএমআরএ-এর অধীন ভিসা রয়েছে, তারা ভিসা নবায়নের জন্য বাহরাইনে অবস্থানরত পরিচিত কোনও আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের মাধ্যমে এলএমআরএ-এর রেজিস্ট্রেশন সেন্টারগুলোর যেকোনও একটিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করতে পারবেন। পরে নিয়ম অনুযায়ী ভিসা নবায়নের জন্য আবেদন করতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
দূতাবাস আরও জানায়, যাদের ভিসা সিআর বা কোম্পানির অধীন, তারা তাদের স্পন্সর (আরবাব) বা কোম্পানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে নবায়নের জন্য আবেদন করবেন। আবেদনের পর পেমেন্টের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট করলে ভিসা নবায়ন হয়ে যাবে। এ ক্ষেত্রে কোনওভাবেই ভিসার মেয়াদ উত্তীর্ণ করা যাবে না।
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর (+৯৭৩-৩৩৩৭৫১৫৫)–এ যোগাযোগ করতে বলা হয়েছে।



