মাদারীপুরে হত্যার ঘটনার পর ৪০ বাড়িতে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের জেরে কমপক্ষে ২০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ সময় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে কমপক্ষে আরও ২০টি বাড়ি। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আখতার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এরই জের ধরে সন্ধ্যার আগ মুহূর্ত থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিপক্ষ হাসান মুন্সীর পক্ষের লোকজনের বাড়িতে হামলা চালায় নিহত আলমগীরের পক্ষের লোকজন। ভাঙচুর ও লুটপাট শেষে আগুনে পুড়িয়ে দেওয়া হয় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু হাওলাদার, হাসান মুন্সীর ঘরসহ কমপক্ষে ২০টি বসতবাড়ি। এ সময় আরও কমপক্ষে ২০টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট করে আখতার হাওলাদারের সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিস।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ইট ও গাছ ফেলে ঘটনাস্থলে প্রবেশের রাস্তা বন্ধ করে দেওয়ায় সেখানে যেতে বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে চালানো হচ্ছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিসের যৌথ অভিযান।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের মনিরুজ্জামান আখতার হাওলাদার পক্ষ ও হাসান মুন্সী পক্ষের বিরোধ দীর্ঘদিনের। তবে বিগত বছরগুলোতে এলাকা কিছুটা শান্ত থাকলেও গত ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর মাথাচাড়া দিয়ে ওঠে দুইপক্ষ। ২০২৫ সালের ২৩ মার্চ শ্রমিক দলের পাল্টাপাল্টি কমিটি গঠন নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়, ঘটে শত শত ককটেল বিস্ফোরণ। কুপিয়ে হত্যা করা হয় হাসান মুন্সীর ভাই সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সীকে।
ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে মনিরুজ্জামান আখতার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারের বসতবাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সীর লোকজন। এ সময় আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বসতবাড়ি। এই ঘটনায় মাসুদ ব্যাপারী নামে একজনকে আটক করা হয়েছে।



