সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আপেল ৩ দিনের রিমান্ডে

রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আপেল মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১১ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার (৬ মার্চ) সকালে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে আপেল মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। একই দিন শাহবাগ থানার এসআই সহিদুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছিলেন।
শুনানির দিন আপেল মাহমুদকে আদালতে হাজির করা হলেও তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে শাহবাগ থানাধীন গোলাপশাহ মাজার সংলগ্ন একটি মসজিদের প্রধান ফটকের সামনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও উস্কানিমূলক স্লোগান দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আপেল মাহমুদকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। তবে অন্যরা কৌশলে পালিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামিদের নির্দেশ ও আর্থিক সহায়তায় তারা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশে সেখানে জড়ো হয়েছিলেন।
ঘটনার পরদিন শনিবার শাহবাগ থানার এসআই মো. তৌফিক হাসান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।



