‘ভালো ছেলে’র খোঁজে ম্রুণাল ঠাকুর!

ধানুশকে ঘিরে সামাজিকমাধ্যমে প্রেমের গুঞ্জন চললেও বিয়ের বিষয়ে ভিন্ন বার্তা দিলেন ম্রুণাল ঠাকুর। তিনি জানিয়েছেন, এখনও নিজের জন্য উপযুক্ত মানুষ খুঁজে পাননি। তবে পারিবারিকভাবে ঠিক করা বিয়ের ব্যাপারে তার কোনও আপত্তি নেই।
‘দো দিওয়ানে সেহর মে’ ছবির সহঅভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে এক আলাপচারিতায় ম্রুণাল জানান, অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে তিনি ভীত নন। বরং বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখেন। তার ভাষায়, ‘বাবা–মায়ের মনে যেন প্রায়ই বিয়ের ঘণ্টা বাজতে থাকে এবং তাদের কাছে বিষয়টি অনেকটা দিবাস্বপ্নের মতো।’
একটি ব্যক্তিগত ঘটনার কথা শেয়ার করে অভিনেত্রী জানান, সম্প্রতি তার বাবা তাকে সংসার গড়ার পরামর্শ দেন। উত্তরে ম্রুণাল তার বাবাকে বলেন, ভালো ছেলের খোঁজ নিতে! ‘‘বাবা পাল্টা জিজ্ঞেস করলেন, ভালো ছেলে কোথায়? আমি বললাম, ‘সেটাই তো প্রশ্ন! তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি কী বলবো?’ এটা প্রায় সব পরিবারেরই গল্প’’, বলেছেন ম্রুণাল।
আলাপচারিতায় ম্রুণাল জানান, শুধু বিয়ের জন্য বিয়ে করা উচিত নয়। প্রেম হোক বা অ্যারেঞ্জড—যে কোনও সম্পর্কের ক্ষেত্রে দুজন মানুষের মধ্যে বোঝাপড়া ও সংযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আগের মতো শুধু পরিবার নয়, বন্ধুরাও অনেক সময় সম্ভাব্য সঙ্গীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তবে সেই সম্পর্ক যদি হৃদয়ে না লাগে, তাহলে তা টেকে না বলেও মনে করেন তিনি।
এ ক্ষেত্রে নিজের পছন্দের ছেলে হলেও পরিবারের সম্মতিও জরুরি বলে মনে করেন ম্রুণাল ঠাকুর।
তার ভাষায়, ‘বিয়ে কেবল দুজন মানুষের নয়, দুই পরিবারের বন্ধন। তাই সম্ভাব্য সঙ্গীর পাশাপাশি পরিবারের সম্মতিও গুরুত্বপূর্ণ। সবাই যদি একমত হয়, তাহলে আপত্তি কেন?’ এভাবেই বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী।
ক্যারিয়ারের দিক থেকে ম্রুণাল বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন ছবি ‘দো দিওয়ানে সেহর মে’ নিয়ে, যা পরিচালনা করেছেন রবি উদ্যাওয়ার। রোমান্টিক ঘরানার এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। পাশাপাশি অভিনেত্রীর হাতে রয়েছে আরও কয়েকটি প্রকল্প। যেমন ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হওনা হ্যায়’, ‘ডাকোয়িত: আ লাভ স্টোরি’ এবং ‘পূজা মেরি জান’।
সূত্র: পিংকভিলা



