রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে নুর এ আলম (৩৫) নামে এক লেগুনা চালককে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হামলার শিকার হওয়ার পর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন সুফিয়া গার্মেন্টসের সামনে নুর এ আলমের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সম্প্রতি নুর এ আলমের সঙ্গে অন্য কোনও চালক বা শ্রমিকের ঝগড়াঝাঁটি হয়েছিল। সেই পূর্বশত্রুতার জেরে শুক্রবার দুপুরে তাকে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ওসি রাজু জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।




