রমজান এলেই ইফতারের টেবিলে লেবুর শরবত যেন এক চিরচেনা স্বাদ। সারাদিন রোজার পর ঠান্ডা পানিতে লেবুর টক-মিষ্টি ঝাঁঝ শরীরকে মুহূর্তেই সতেজ করে। কিন্তু চলতি মৌসুমে বাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের অনেক পরিবারই পড়েছেন বিপাকে। ফলে প্রশ্ন উঠছে—ইফতারের শরবতে লেবুর বিকল্প কী হতে পারে? তাছাড়া লেবুর দাম সাময়িক হলেও ইফতারের আনন্দ স্থায়ী। একটু সৃজনশীলতা ও সচেতনতা থাকলে বিকল্প শরবত দিয়েই রোজার ক্লান্তি দূর করে ইফতারকে করা যায় আরও উপভোগ্য।
বিশেষজ্ঞরা বলছেন, লেবুর অনুপস্থিতিতে শরবতের স্বাদ কমে গেলেও পুষ্টি ও সতেজতার ক্ষেত্রে বিকল্পের অভাব নেই। বরং মৌসুমি ফল, দইভিত্তিক পানীয় ও হারবাল উপাদানে তৈরি শরবত শরীরের জন্য আরও উপকারী হতে পারে।
ফলের শরবত: স্বাদের বৈচিত্র্য
ইফতারে তরমুজ, বাঙ্গি, আনারস, মাল্টা বা কমলার শরবত সহজেই লেবুর জায়গা নিতে পারে। এসব ফলে প্রাকৃতিক মিষ্টতা থাকায় অতিরিক্ত চিনি প্রয়োজন হয় না, যা শরীরের জন্য তুলনামূলক স্বাস্থ্যকর। পাশাপাশি এসব ফল পানিশূন্যতা দূর করতেও কার্যকর।
কাঁচা আমের শরবত: টক স্বাদের চমৎকার বিকল্প
লেবুর মতো টক স্বাদ পেতে কাঁচা আমের শরবত হতে পারে আদর্শ বিকল্প। সেদ্ধ কাঁচা আমের সঙ্গে চিনি, লবণ ও ভাজা জিরা মিশিয়ে তৈরি এই পানীয় শরীর ঠান্ডা রাখে এবং গরমে ক্লান্তি দূর করে। যদিও বাজারে এখনও কাঁচা আম দেখা যাচ্ছে না।
দইভিত্তিক পানীয়: হজমে সহায়ক
লাচ্ছি বা বোরহানির মতো দইভিত্তিক শরবত ইফতারের ভারী খাবারের পর হজমে সহায়তা করে। এতে প্রোবায়োটিক উপাদান থাকায় অন্ত্রের স্বাস্থ্যের জন্যও ভালো।
পুদিনা-শসা শরবত: সতেজতার অন্য নাম
লেবু ছাড়াই পুদিনা, শসা ও সামান্য বিট লবণ দিয়ে তৈরি শরবত গরমে শরীরকে দ্রুত ঠান্ডা করে। এটি ডিটক্স ড্রিংক হিসেবেও জনপ্রিয়।
তোকমা বা বেসিল সিড শরবত
তোকমা বীজ ভিজিয়ে পানির সঙ্গে মিশিয়ে শরবত তৈরি করলে তা দীর্ঘ সময় শরীরকে হাইড্রেটেড রাখে। রোজার সময় পানিশূন্যতা কমাতে এটি কার্যকর একটি পানীয়।
গুড় বা আখের রস: প্রাকৃতিক শক্তির উৎস
চিনি ছাড়া শরবত বানাতে গুড় বা আখের রস ব্যবহার করা যেতে পারে। এতে প্রাকৃতিক খনিজ উপাদান থাকে, যা শরীরকে দ্রুত শক্তি জোগায়।
বেলের শরবত
তেঁতুল বা বেল দিয়ে তৈরি শরবত শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। বিশেষ করে বেলের শরবত পেটের সমস্যায় উপকারী হিসেবে পরিচিত।
পরিবর্তনে নতুন স্বাদ
খাদ্য-বিশেষজ্ঞদের মতে, ইফতারের শরবত শুধু স্বাদের জন্য নয়; এটি শরীরকে পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই লেবুর দাম বাড়লেও বিকল্প পানীয় ব্যবহার করে পুষ্টি ও সতেজতা বজায় রাখা সম্ভব। বরং বৈচিত্র্যময় শরবত ইফতারের টেবিলকে আরও আকর্ষণীয় ও স্বাস্থ্যকর করে তুলতে পারে।




