ভোরের আলো ফুটতেই ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ মিনারের বেদী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এ যেন জনস্রোত। নানা শ্রেণি-পেশার মানুষ, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হচ্ছে শ্রদ্ধা।
সরেজমিনে দেখা যায়, ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে লম্বা লাইন। সারিবদ্ধ হয়ে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। বিএনসিসি ও স্কাউটস সদস্যরা শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন।
শ্রদ্ধা জানাতে দেখা যায়, ইডেন মহিলা কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ছায়ানট, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, হিন্দু বোদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, টিআইবি, বাংলাদেশ স্কাউটস, উদিচি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ নানা সংগঠন ও প্রতিষ্ঠান।
দেখা যায়, সংগটন কিংবা প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগতভাবেও এসেছেন শ্রদ্ধা জানাতে। অনেকে তাদের ছোট বাচ্চাকে নিয়েও এসেছেন শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে।
শ্রদ্ধা জানাতে আসা আবদুল হক বলেন, এদিন আমাদের প্রেরনার। এ প্রেরনা থেকেই আমাদের স্বাধীনতা।
পশ্চিমারা আমাদের মুখের ভাষা যখন কেড়ে নেয়ার চেষ্টা করে আমাদের ছাত্ররা যে আত্নত্যাগের মাধ্যমে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করে তা ইতিহাসে বিরল। আমরাই একমাত্র জাতি যারা মায়ের ভাষার জন্য লড়াই করে জীবন দিতে হয়েছে।
এদিকে সময় যত বাড়ছে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভীড় বাড়ছে।




