যশোরে গোডাউনে লুকানো অবৈধ ৭৭টি আমেরিকান মোটরসাইকেল জব্দ

যশোর শহরের ঘোপ এলাকার একটি গোডাউন থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ৭৭টি নতুন মোটরসাইকেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়। অভিযানে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ঘোপ নওয়াপাড়া রোডের ওই গোডাউনে অভিযান চালান। এ সময় দেখা যায়, গোডাউনে আমেরিকান ইউএন কোম্পানির তৈরি ৭৭টি নতুন মোটরসাইকেল রাখা রয়েছে। তবে গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি সংক্রান্ত অনুমোদন বা অন্য কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কয়েকদিন আগেও একই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিল। সেসময় তিন দিনের সময় নেন গোডাউন মালিক।
এদিকে মোটরসাইকেলগুলোর মালিক আবু সাঈদ সাবু অসুস্থতার কথা বলে ঘটনাস্থলে আসেননি। পরে তিনি ১০ দিনের সময় চান। পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই রাখার সিদ্ধান্ত দেন। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে।



