আসছে বাজেট, ব্যবসায়ীদের মতামত চেয়েছে এনবিআর

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে আয়কর-সম্পর্কিত বিভিন্ন আইন ও বিধিমালায় সংশোধন, সংযোজন ও পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠন, চেম্বার ও পেশাজীবী প্রতিনিধিদের কাছ থেকে লিখিত প্রস্তাব ও সুপারিশ আহ্বান করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করব্যবস্থাকে আরও যুগোপযোগী, স্বচ্ছ ও অংশীদারত্বমূলক করার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন চেম্বার অব কমার্স, ট্রেড বডি ও ব্যবসায়ী সমিতির কাছে পাঠানো চিঠিতে নতুন প্রস্তাবের পক্ষে যৌক্তিক ব্যাখ্যা ও বিশ্লেষণ তুলে ধরতে বলা হয়েছে। আয়কর, শুল্ক ও ভ্যাট-সংক্রান্ত সুপারিশ দেওয়ার সুবিধার্থে নির্দিষ্ট ছকও সংযুক্ত করা হয়েছে।
চিঠিতে আগামী ১৫ মার্চের মধ্যে প্রস্তাব ও সুপারিশ পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। লিখিত প্রস্তাবের পাশাপাশি পেনড্রাইভে সফট কপি কিংবা সরাসরি ই-মেইলের মাধ্যমেও মতামত পাঠানো যাবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটটি হবে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট। ফলে এতে সরকারের অর্থনৈতিক দর্শন, রাজস্ব নীতি ও সংস্কার পরিকল্পনার প্রতিফলন থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে রাজস্ব আহরণ বাড়ানো, করজাল সম্প্রসারণ এবং কর প্রশাসনে কাঠামোগত সংস্কার— এসব ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে সরকারকে।
সংশ্লিষ্ট মহলের মতে, ব্যবসায়ী সংগঠনগুলোর প্রস্তাব বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন করা হলে তা হবে অধিক অংশগ্রহণমূলক এবং বাস্তবসম্মত। এতে একদিকে যেমন রাজস্ব আহরণে গতি আসবে, অপরদিকে করদাতাদের আস্থা বাড়তেও সহায়ক হবে।



