ছোট ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন বড় ভাইও

সাতক্ষীরা সদরে ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে মারা গেলেন বড় ভাইও। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ধুলহির ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের সাত্তারের মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ছোট ভাই আব্দুল গফুর (৫৩) ও বড় ভাই আব্দুল করিম (৫৬) সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্বজনরা জানান, ক্যানসারে আক্রান্ত ছিলেন আব্দুল গফুর। রবিবার সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই খবর বাড়িতে পৌঁছালে শোক সহ্য করতে না পেরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই বড় ভাই আব্দুল করিমও মারা যান।
স্থানীয় স্কুলশিক্ষক আবু ওয়াহিদ বাবলু বলেন, ‘এমন ঘটনা বেদনাদায়ক। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। বাদ জোহর একসঙ্গে দুই ভাইয়ের জানাজা হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’



