মেসিকে কেন্দ্র করে বিতর্ক, যা বলছে কর্তৃপক্ষ

মেজর লিগ সকারের নতুন মৌসুম হতাশায় শুরু করেছে ইন্টার মায়ামি। সেই ম্যাচের পর বিতর্কের জন্ম দিয়েছে লিওনেল মেসির একটি ভিডিও। সামাজিক মাধ্যমে সেই ভিডিওর সূত্র ধরে রেফারিদের সঙ্গে ঝামেলার ইঙ্গিত করা হচ্ছে। যদিও পরে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ পরিষ্কার করেছে আর্জেন্টাইন সুপার স্টার কোনও বিধিমাল ভঙ্গ করেননি। ফলে ম্যাচ শেষে রেফারিদের সঙ্গে জড়িত ঘটনার জেরে তার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে না।
সিন্তেসিস দেপোর্তেস প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়ামের লকার রুম এলাকায় একটি কক্ষে প্রবেশ করা থেকে মেসিকে আটকানোর চেষ্টা করছেন। তবে সুয়ারেজের বাধা এড়িয়ে মেসি সরে যান এবং আট সেকেন্ড পর আবার দেখা যায়, তিনি সতীর্থদের সঙ্গে লকার রুমের দিকে হাঁটছেন।
এ বিষয়ে এমএলএস মুখপাত্র দ্য অ্যাথলেটিককে জানান, ভিডিওতে দেখা দরজাটি রেফারিদের লকার রুমের ছিল না এবং মেসি কোনও সংরক্ষিত এলাকায় প্রবেশও করেননি।
২০২৩ সালে প্লে-অফ ম্যাচের পর রেফারিদের লকার রুমে প্রবেশ করে অসদাচরণের অভিযোগে তদন্তের মুখে পড়েন সিনসিনাটি ডিফেন্ডার ম্যাট মিয়াজাগা। পরে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি।
রেফারিকে ঘিরে কোনও ঘটনায় মেসি এর আগে কখনও শাস্তি পাননি। তবে গত গ্রীষ্মে এমএলএস অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকায় এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয় তাকে। এছাড়া গত মৌসুমে এক ম্যাচের পর প্রতিপক্ষের গায়ে হাত দেওয়ার বিধি ভঙ্গের দায়ে তাকে জরিমানাও করা হয়েছিল।
মৌসুমের উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামি হারের দেখা পেয়েছে। তাদের ৩-০ গোলে হারিয়েছে লস অ্যাঞ্জেলেস।



