Uncategorized

সবুজ কারখানার স্বীকৃতি পেলো আরও দুটি প্রতিষ্ঠান

দেশের তৈরি পোশাক খাতে পরিবেশবান্ধব শিল্পায়নের অগ্রযাত্রায় যুক্ত হয়েছে আরও দুটি নতুন কারখানা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবুজ ভবন সনদ প্রদানকারী সংস্থা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের সনদ পাওয়ায় দেশে এ ধরনের সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৫-এ।

এর মধ্যে ১১৬টি কারখানা সর্বোচ্চ মানের ‘প্লাটিনাম’ এবং ১৪০টি ‘গোল্ড’ মান অর্জন করেছে। পাশাপাশি বিশ্বের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শীর্ষ ১০০ সবুজ কারখানার তালিকায় এখন বাংলাদেশের রয়েছে ৭০টি কারখানা। এতে বৈশ্বিক অঙ্গনে দেশের পরিবেশবান্ধব শিল্পায়নের অবস্থান আরও শক্ত হয়েছে।

নতুন সনদপ্রাপ্ত কারখানা দুটি হলো গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ফ্যাশন ফ্লোর বিডি লিমিটেড এবং এমএনআর সুইটার্স লিমিটেড।

ফ্যাশন ফ্লোর বিডি লিমিটেড নতুন ভবন নির্মাণের মানদণ্ডে ৭১ নম্বর পেয়ে ‘গোল্ড’ সনদ অর্জন করেছে। কারখানাটি গাজীপুরের গোদারচালা, তেলিহাটি এলাকায় অবস্থিত।

অন্যদিকে এমএনআর সুইটার্স লিমিটেড চালু ভবনের পরিবেশগত মানদণ্ডে ৮৫ নম্বর পেয়ে ‘প্লাটিনাম’ সনদ পেয়েছে। প্রতিষ্ঠানটির অবস্থান গাজীপুরের বড়াইদেরচালা, শ্রীপুরে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সাশ্রয়, পানির সঠিক ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষায় উন্নত ব্যবস্থা গ্রহণের ফলেই এসব কারখানা আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃতি পাচ্ছে। এতে বাংলাদেশের পোশাক খাতের ভাবমূর্তি আরও উজ্জ্বল হচ্ছে।

বিজিএমইএর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ধারাবাহিকভাবে এ ধরনের সনদ অর্জন দেশের পোশাক শিল্পকে বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে রাখছে। টেকসই শিল্পায়নের এই ধারা ভবিষ্যতে রফতানি বাড়াতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষজ্ঞদের মতে, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার বিস্তার বাংলাদেশের পোশাক শিল্পকে দীর্ঘমেয়াদে দায়িত্বশীল ও টেকসই সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button