বাফটায় মণিপুরি চলচ্চিত্রের জয়, সর্বাধিক পুরস্কার পেলো ডিক্যাপ্রিওর ছবি

৭৯তম বাফটা অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ৬টি পুরস্কার জিতলো হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা শিশুতোষ ও পারিবারিক চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতেছে ভারতের মণিপুরি ভাষায় নির্মিত ‘বুং’।
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির নির্মাতা পল টমাস অ্যান্ডারসন সেরা প্রযোজক, সেরা পরিচালক ও সেরা রূপান্তরিত চিত্রনাট্য বিভাগের স্বীকৃতি বাগিয়ে নিয়েছেন। রাজনৈতিক থ্রিলার সিনেমাটিতে দুর্নীতিগ্রস্ত সামরিক কর্মকর্তা কর্নেল স্টিভেন জে. লকজো চরিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন আমেরিকান তারকা শন পেন।
লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত মণিপুরি ছবি ‘বুং’-এর অন্যতম প্রযোজক বলিউড অভিনেতা-নির্মাতা ফারহান আখতার। ‘বুং’ মণিপুরি একটি শব্দ, এর বাংলা অর্থ ‘ছোট ছেলে’। মণিপুরের উত্তপ্ত সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে স্থানীয় এক কিশোরের দিনলিপি তুলে ধরা হয়েছে ছবিটিতে। ছেলেটি তার হারানো বাবাকে খুঁজে পেতে দৃঢ়প্রতিজ্ঞ। কারণ সে জানে, বাবাকে খুঁজে আনলেই মায়ের মুখে হাসি ফুটবে। বাফটায় পুরস্কার জয় উত্তর-পূর্ব ভারতের আঞ্চলিক চলচ্চিত্রের জন্য একটি মাইলফলক বলা যায়।
নরওয়ের পারিবারিক ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে।ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) আয়োজনে রবিবার (২২ ফেব্রুয়ারি) লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রিটিশ অভিনেতা অ্যালান কামিং।
তিনটি করে পুরস্কার জিতেছে মেক্সিকান নির্মাতা গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ ও অস্কারে মনোনয়নে রেকর্ড গড়া ভ্যাম্পায়ার-হরর ‘সিনার্স’। ব্রিটিশ তারকা উনমি মোসাকু ‘সিনার্স’-এ অ্যানি চরিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন। সিনেমাটির পরিচালক রায়ান কুগলার সেরা মৌলিক চিত্রনাট্যের স্বীকৃতি পেয়েছেন। এছাড়া সেরা আবহ সংগীত বিভাগে ‘সিনার্স’-এর জন্য পুরস্কার জিতেছেন সুইডিশ সুরকার লুদভিগ ইয়োরানসন।
দুটি করে পুরস্কার জিতেছে চীনের ক্লোয়ি জাও পরিচালিত ‘হ্যামনেট’ ও ব্রিটিশ নির্মাতা কার্ক জোন্সের ‘আই সোয়্যার’। এরমধ্যে ‘আই সোয়্যার’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন রবার্ট আরামেয়ো। হলিউড তারকা ডিক্যাপ্রিও ও টিমোতি শালামেকে হটিয়ে এই স্বীকৃতি জয় করেছেন তিনি। এছাড়া দর্শক ভোটে বাফটা রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন ৩৩ বছর বয়সী এই ব্রিটিশ তারকা।
ব্রিটেনের চলচ্চিত্র বিষয়ক শীর্ষ সম্মান বাফটায় উইলিয়াম শেক্সপিয়রের পরিবারের গল্পে অনুপ্রাণিত ‘হ্যামনেট’ ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি। শেক্সপিয়রের স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের চরিত্রে হৃদয়ছোঁয়া নৈপুণ্য দেখিয়েছেন তিনি।
২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন দেশের সিনেমার মধ্য থেকে সেরা কাজগুলো স্বীকৃতি পেয়েছে এবারের আসরে। টেবিল টেনিস ভিত্তিক সিনেমা ‘মার্টি সুপ্রিম’ ১১টি মনোনয়ন পেলেও ফিরেছে শূন্য হাতে।



