Uncategorized

২ মার্চ জাতীয় ভোটার দিবস, উদযাপনে ৫৭০ কমিটি

আগামী ২ মার্চ উদযাপন করা হবে জাতীয় ভোটার দিবস। দিবসটি উদযাপনে সারা দেশে ৫৭০টি কমিটি গঠন করছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

ইসি কর্মকর্তা জানান, সারা দেশে জাতীয় ভোটার দিবসে আট বিভাগে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারদের সভাপতি করে ৮টি কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসির প্রসাশনিক অঞ্চল কুমিল্লা ও ফরিদপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সভাপতি করে ২টি কমিটি করার নির্দেশ দিয়েছে ইসি। জেলা পর্যায়ে ডিসিদের প্রধান করে ৬৪টি কমিটি এবং উপজেলা পর্যায়ে ইউএনওকে সভাপতি করে সারাদেশের ৪৯৫টি উপজেলায় কমিটি করার জন্য নির্দেশ দিয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটিও করা হয়েছে একটি। এসব কমিটি নিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য সারা দেশে মোট ৫৭০টি কমিটি গঠন করা হয়েছে।

আখতার আহমেদ বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবস ঠিক করে দেওয়া হয়েছে। আজকালের মধ্যে ভোটার দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, অন্যান্যবারের মতো এবারও ২ মার্চ যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ সই করা ভোটার দিবস আয়োজন সংক্রান্ত সভার এক কার্যবিবরণী থেকে জানা যায়, অষ্টম জাতীয় ভোটার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী নির্বাচন ভবন, ইটিআই ভবন এবং বাগানসহ ফোয়ারা চত্বরে বর্ণিল আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। প্রতিটি কাজের জন্য কেন্দ্রীয়ভাবে ১০টি উপকমিটিও গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তাভাবনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয়ভাবে ভোটার দিবস উদযাপনের একটি প্রস্তাব কমিশন সভায় উপস্থাপন করে। কমিশন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে এবং নীতিগতভাবে জাতীয় ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়।

২০১৯ সালে ১ মার্চ ভোটার দিবস পালন করা হলেও ১ মার্চ ‘বিমা দিবস’ থাকায় ২০২০ সালে ভোটার দিবসকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস ঘোষণা করে ২ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে নির্ধারণ করা হয়।

নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button