ঈদে টানা ১০ দিনের ছুটির সুযোগ, তবে…

২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য তৈরি হয়েছে টানা ১০ দিনের এক দীর্ঘ ছুটির সম্ভাবনা। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, নির্ধারিত সরকারি ছুটির সঙ্গে মাত্র কয়েক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি যোগ করলেই মিলবে এই দীর্ঘ অবকাশ যাপনের সুযোগ।
২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সরকার নির্ধারিত ৫ দিনের ঈদের ছুটি শুরু হবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে এবং চলবে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত।
ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ মার্চ শবে কদরের জন্য সরকারি ছুটি বরাদ্দ রয়েছে। মাঝখানে ১৮ মার্চ (বুধবার) একদিনের কর্মদিবস। এই একদিন যদি কেউ নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে ছুটি শুরু হয়ে যাবে ১৭ মার্চ থেকেই। ১৯ – ২৩ মার্চ ঈদের ৫ দিনের নির্ধারিত সরকারি ছুটি। ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার)— এই দুই দিন বাড়তি ছুটি নিতে পারলে ছুটির রেশ টানা বজায় থাকবে। ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। এর ঠিক পরেই ২৭ ও ২৮ মার্চ (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি।
যদি কোনও কর্মকর্তা বা কর্মচারী ১৮ মার্চ এবং ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ— এই মোট তিন দিন নৈমিত্তিক ছুটি ম্যানেজ করতে পারেন, তবে তিনি ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিন (অথবা ১৯ মার্চ থেকে ১০ দিন) কর্মস্থল থেকে দূরে থাকতে পারবেন। এর ফলে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য পর্যাপ্ত সময় পাবেন সরকারি চাকুরিজীবীরা।
তবে এই দীর্ঘ ছুটি কাটাতে হলে অবশ্যই সংশ্লিষ্ট দফতর থেকে আগাম ছুটির অনুমোদন নিতে হবে।



